‘মাই নেম ইজ জান’-এর সঙ্গে গার্ডেন ভারেলি, ছোটবেলায় ফিরলেন অর্পিতা – Bengali News | Now Garden Vareli is associated with My name is jaan
সিনেমার পর্দা থেকে মঞ্চ সবেতেই সাবলীল অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, গায়িকা অর্পিতা চট্টোপাধ্যায়। মিউজিকাল সোলো থিয়েটার ‘মাই নেম ইজ জান’-এর দেখতে-দেখতে পনেরোটি শো অতিক্রান্ত। দেশে বিদেশে এই শো দর্শকদের ভালবাসা কুড়িয়েছে। বহুমুখী প্রতিভা গওহর জান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের একজন কিংবদন্তি শিল্পী। গওহর জানের জীবন নিয়েই পরিচালক অবন্তী চক্রবর্তী মঞ্চ-নাটক পরিকল্পনা করেছেন যার নাম ‘মাই নেম ইজ জান ‘। নাচে গানে মিউজিকাল এই শোয়ে লাইভ গান করে নজির গড়েছেন অভিনেত্রী গায়িকা অর্পিতা চট্টোপাধ্যায়। এবার এই শোয়ের সঙ্গে যুক্ত হল গার্ডেন ভারেলি সংস্থা। উইমেন এমপাওয়ারমেন্ট ও সংস্কৃতির সঙ্গে নিজেদের যুক্ত করার জন্য তাঁদের পছন্দ অর্পিতা চট্টোপাধ্যায়ের একক সঙ্গীতময় নাটক ‘মাই নেম ইজ জান ‘। ১০ মে কলা মন্দিরে এই শোয়ের আরও একটি উপস্থাপনা হতে চলেছে। তার আগে একটি সংবাদিক সম্মেলনে কলকাতার পাঁচতারা হোটেলে উপস্থিত ছিলেন গার্ডেন ভারেলি কর্তৃপক্ষের তরফে ডি পি পাত্র, অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় ও পরিচালক অবন্তী চক্রবর্তী। গার্ডেন ভারেলি কর্তৃপক্ষের তরফে ডি পি পাত্র জানিয়েছেন, তাঁরা সাংস্কৃতিক বিষয়কে উৎসাহ দিতে চান, তাই ‘মাই নেম ইজ জান’-এ অর্পিতা চট্টোপাধ্যায়ের নাটক দেখার পর মনে করেন, এর থেকে ভালো কোলাবোরেশন আর কিছু হতে পারে না। নারীশক্তির সঙ্গে প্রতিভার এক অদ্ভুত মেলবন্ধন হল এই মিউজিকাল থিয়েটার।
এই সংবাদ সম্মেলনেই TV9 বাংলাকে অর্পিতা চট্টোপাধ্যায় জানালেন, তিনি আপ্লুত গার্ডেন ভারেলির মত সংস্থা ‘মাই নেম ইজ জান ‘ এর সঙ্গে যুক্ত হওয়ায়। তিনি তাঁর ছোটবেলার স্মৃতি থেকে বললেন, ”গার্ডেন ভারেলি এই নামটার সঙ্গে আমার ছোটবেলার মধুর স্মৃতি জড়িয়ে আছে। মা, মাসিমাদের আলমারি খুললে আজও গার্ডেন শাড়ির দেখা মেলে। আমার ছোটবেলার পুজোর সবথেকে দামি পোশাক, যেটা অষ্টমীর জন্য তৈরি হতো, সেটার জন্য এই গার্ডেনের মেটিরিয়াল কেনা হতো। তাই আমি খুশি ‘মাই নেম ইজ জান’ এর সঙ্গে আমার একটুকরো ছোটবেলা যুক্ত হল।”
প্রসঙ্গত, বহুমুখী প্রতিভা গওহর জান যেমন অসামান্যা সুন্দরী ছিলেন, তেমনই গুজরাতি, হিন্দি, বাংলা, মারাঠি থেকে আরবি ভাষায় দখল ছিল। এই সব ভাষায় তাঁর গান আছে। এই প্রতিভাময়ীকেই সফলভাবে মঞ্চে উপস্থাপনা করছেন আর এক বহুমুখী প্রতিভা অর্পিতা চট্টোপাধ্যায়।