ভারতে পরমাণু হামলার ছক কষছে পাকিস্তান? ক্ষণে ক্ষণে কথা বদলাচ্ছে – Bengali News | Hours After News of Pakistan PM Shehbaz Sharif Meeting with Nuclear body, Pakistan Deny Meeting
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।Image Credit source: PTI
ইসলামাবাদ: ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে পাকিস্তান। এই মুখে এক কথা বলছে, কিছুক্ষণেই তা বদলে আরেক দাবি করছে। ভারতের উপরে লাগাতার আক্রমণ করছে পাকিস্তান। বিগত দুই দিন ধরে রাতের অন্ধকারে হামলা করছিল। আজ তো দিনেও মিসাইল ছোড়ার সাহস দেখিয়েছে। এবার কি পরমাণু হামলার পরিকল্পনাও করছে পাকিস্তান? শনিবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৈঠক ডাকেন ন্যাশনাল কমান্ড অথারিটির। এরাই পাকিস্তানের পরমাণু অস্ত্র দেখভালের দায়িত্বে রয়েছে।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রেই জানা গিয়েছিল, পাক প্রধানমন্ত্রী ন্যাশনাল কমান্ড অথারিটির সঙ্গে বৈঠক ডেকেছেন। সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত এরাই নেয়। পরমাণু অস্ত্রও তাদের হাতেই। শেহবাজ শরিফের এই বৈঠকের ডাক দেওয়ার পরই জল্পনা শুরু হয়, ড্রোন-মিসাইলের পর এবার কি ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার ছক কষছে পাকিস্তান?
পরমাণু শক্তিধর ভারতও। পাকিস্তান যদি দুঃসাহস দেখিয়ে ভারতে পরমাণু হামলার চেষ্টা করে, তবে তার পরিণতি ভয়ঙ্কর হবে। বিশ্বমঞ্চেও কাঠগড়ায় তোলা হবে পাকিস্তানকে। চাপে পড়েই ঘণ্টাখানেকের মধ্যে বয়ান বদল করে নিল পাকিস্তান।
পাক প্রধানমন্ত্রীর বৈঠকের খবর ফাঁস হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন যে পরমাণু অস্ত্রের দায়িত্বে থাকা সেনা শীর্ষকর্তাদের সঙ্গে কোনও বৈঠক ডাকা হয়নি।
পাকিস্তানের মিলিটারি যেখানে এই বয়ান দিয়েছিলেন, তার ঘণ্টাখানেক বাদেই প্রতিরক্ষামন্ত্রী সম্পূর্ণ ভিন্ন দাবি করলেন। অন্যদিকে, সে দেশের তথ্যমন্ত্রী এই বিষয়ে কোনও মন্তব্যই করতে চাননি। এতেই আরও জল্পনা তৈরি হয়েছে যে পাকিস্তানে সত্যি কথা কে বলছেন? আদৌ কি কেউ সত্যি বলছেন?
