বাংলা ধারাবাহিকে প্রতীক-অনুষ্কা জুটি? – Bengali News | Pratik Sen will be seen in a new bengali serial
বাংলা ধারাবাহিকে ফিরছেন প্রতীক সেন। এর আগে ‘উড়ান’ ধারাবাহিকে কাজ করছিলেন প্রতীক। অঞ্জনা বসু ছিলেন প্রতীকের মায়ের চরিত্রে। প্রতীক প্রথম থেকেই ‘স্টার জলসা’ চ্য়ানেলের ধারাবাহিকে কাজ করেছেন। যেমন ‘খোকাবাবু’, ‘মোহর’ বা ‘উড়ান’। ব্লকবাস্টার ধারাবাহিকের নায়ক হওয়ার জন্যই প্রতীককে কোন ধারাবাহিকে দেখা যাবে, তা নিয়ে আগ্রহ থাকে দর্শকদের মধ্যে। ‘উড়ান’ দেখানো হতো ‘স্টার জলসা’য় রাত আটটায়। এবার চ্যানেল বদল করছেন নায়ক। ‘জি বাংলা’ চ্যানেলে একটা রিমেক ধারাবাহিকেই দেখা যাবে তাঁকে। নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থা থেকে তৈরি হচ্ছে ধারাবাহিক। প্রতীকের সঙ্গে অনুষ্কা চক্রবর্তী এই ধারাবাহিকে জুটি বাঁধছেন বলে টলিপাড়ায় চর্চা। যদিও চ্যানেলের তরফে কিছু ঘোষণা করা হয়নি। আবার প্রযোজনা সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যাবে বলে খবর।
অনুষ্কাকে এর আগে ‘হীরালাল’ ছবিতে দেখা গিয়েছিল। পরিচালক অরুণ রায়ের সঙ্গে একাধিক কাজ করেছেন অভিনেত্রী। তবে টলিপাড়ায় বাংলা ছবির সংখ্যা কমছে। তাই ধারাবাহিকের প্রধান মুখ হওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন এমন অভিনেত্রীরাও, যাঁরা বড়পর্দায় নিয়মিত কাজ করছেন। কোন সময়ে এই ধারাবাহিক দেখানো হবে, তা এখনও জানা যায়নি। লক্ষণীয়, ‘জি বাংলা’ চ্যানেলে তারকা সমাগম এই মুহূর্তে চোখে পড়ার মতো। একটা ধারাবাহিকে কাজ করছেন জীতু কমল আর দিতিপ্রিয়া রায়। প্রতীক সেনের নাম সেই তালিকায় যোগ হলে, অনুরাগীরা অবশ্যই খুশি হবেন। প্রতীকের সঙ্গে সবচেয়ে হিট জুটি সোনামণি সাহার। নতুন নায়িকার সঙ্গে তাঁর জুটি কতটা জমবে, সেটা দেখার অপেক্ষা।