Pakistan: ভারতের অভিযানে কেঁপে গেল পাকিস্তান, তড়িঘড়ি সব দলকে এক হতে বললেন শাহবাজ – Bengali News | Shehbaz Sharif addresses Pakistan, asks all political parties to be united
ইসলামাবাদ: ভারতের অপারেশন সিঁদুর-এর পর আতঙ্কে কাঁপছে পাকিস্তান। দেশের মাটিতে শতাধিক জঙ্গির মৃত্যুর পর তড়িঘড়ি পাক সংসদে বক্তব্য রাখলেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার সংসদ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। আর এদিনের বক্তব্যে আরও একবার তিনি দাবি করেন, পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।
শাহবাজ শরিফ বলেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। তিনি জানান তিনি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে তদন্তের কথা বলেছিলেন, কিন্তু ভারত সেই প্রস্তাব উপেক্ষা করেছে।
ভারতের এই অভিযানের পর পাকিস্তানের সাধারণ মানুষকে আশ্বস্ত করে শাহবাজ শরিফ দাবি করেন, পাকিস্তানের সেনাবাহিনী যে কোনও পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এই অভিযানের পর কার্যত কোনঠাসা ভারত। বিশ্বের একাধিক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের সব রাজনৈতিক দলকে একজোট হতে বলেছেন পাক প্রধানমন্ত্রী।
এদিকে, ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। সেনাবাহিনী জানিয়েছে যে এই অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং পাকিস্তানের মাটি থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।