BCCI, IPL 2025: যুদ্ধের আবহ, আইপিএলে কি প্রভাব পড়বে? বোর্ড কী বলছে? – Bengali News | IPL 2025 to continue as scheduled amid India Pakistan tensions: Sources
মাঝরাতে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে জঙ্গী শিবির গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পহেলগাঁওয়ে জঙ্গী হামলার জবাব দিয়েছে ভারত। তবে ভারত-পাকিস্তান এই যুদ্ধের আবহ এখানেই শেষ নয়। ভারত সরকারের তরফে পরিষ্কার ইঙ্গিত দেওয়া হয়েছে, জবাব এখনও অনেক বাকি। সকল ভারতীয়রা কিছুটা হলেও যেন স্বস্তি পেয়েছেন। এতদিন ধরে যে ক্ষোভের আগুন জ্বলছিল দেশজুড়ে, কিছুটা যেন শান্তি এসেছে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের অনেকের মনেই প্রশ্ন, এই আবহের ফলে কি আইপিএলে প্রভাব পড়বে?
এমন প্রশ্ন অমূলক নয়। দেশের নিরাপত্তার কারণেই বেশ কয়েকটি বিমানবন্দরে পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা আগে। সকলেই একে সমর্থনও করছেন। বোর্ডের তরফে এখনও অবধি যা ইঙ্গিত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। আজ যেমন কলকাতায় মুখোমুখি হবে কেকেআর ও সিএসকে। আগামী কাল ধরমশালায় ম্যাচ রয়েছে পঞ্জাব কিংস ও দিল্লি ক্য়াপিটালসের। ধরমশালা ও চণ্ডীগড় বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ম্যাচ পরিকল্পনামাফিক হবে, এমনই জানিয়েছে বোর্ড।
আইপিএলে এর প্রভাব পড়বে কি না, তা নিয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি জারি করেনি বোর্ড। হয়তো তেমন পরিস্থিতি আসেওনি। তবে বোর্ডের একটি সূত্র বলছে, টুর্নামেন্টে কোনও প্রভাব পড়বে না। ফাইনাল সহ বাকি ম্যাচগুলি সূচি অনুযায়ীই হবে। মোট ৭৪টির মধ্যে ৫৬টি ম্যাচ ইতিমধ্যেই কমপ্লিট। ইন্ডিয়া টুডেকে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বিসিসিআই সমস্ত বিষয়টির উপর নজর রাখছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত সূচি অনুযায়ীই আইপিএল চলবে।