রাজনন্দিনীকে কি দেখা যাবে ছোটপর্দায়? – Bengali News | Will Rajnandini be seen in a new bengali serial
বাংলা টেলিভিশনে একটা বিশেষ ধারাবাহিক আসছে। এই কস্টিউম ড্রামার জন্য অভিনেত্রী রাজনন্দিনী পালের কাছে প্রস্তাব গিয়েছে বলে খবর। রাজনন্দিনী নাকি কাজটি করতে চান। তবে কিছু শর্ত রয়েছে তাঁর। সেগুলো মিললেই, তাঁকে ছোটপর্দায় পাওয়া যেতে পারে, এমন চর্চা টলিপাড়ায়। এই ধারাবাহিকের জন্য রাজনন্দিনী ছাড়াও আরও নাম মাথায় রেখেছেন নির্মাতারা। শেষ পর্যন্ত কোন মুখকে দেখা যাবে এই ধারাবাহিকে, তা জানার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। লক্ষণীয় বাংলার দুই নামী বিনোদন চ্যানেলই একটা কস্টিউম ড্রামা নিয়ে আসছে। তাই বিশেষ ধারাবাহিক ঘিরে যে টক্কর জমে উঠবে, সেটা বোঝা যাচ্ছে। টলিপাড়ার নামী মুখদের কাছে প্রস্তাব গিয়েছে সে কারণেই।
টলিপাড়ায় রাজনন্দিনীর শুরুটা বেশ ভালো। ইন্দ্রাণী দত্তর কন্যা প্রথম থেকেই নাচে পারদর্শী। সেই কারণে স্টেজ শো-তে বরাবরই তিনি সাবলীল ছিলেন। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘এক যে ছিল রাজা’ ছবিতে কেরিয়ারের একদম গোড়ায় কাজ করেছেন রাজনন্দিনী। তারই পাশাপাশি প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের পরিচালনায় একটা ছবি করেছিলেন। একের পর এক ওয়েব সিরিজ করেছেন রাজনন্দিনী। যার মধ্যে ‘সম্পূর্ণা’-র মতো চর্চিত ওয়েব সিরিজ রয়েছে। আগামী দিনে যে প্রথমসারির পরিচালকদের সঙ্গে কাজ করবেন রাজনন্দিনী, তা আঁচ করা যায়। এর মধ্যে যদি ছোটপর্দায় এই বিশেষ প্রোজেক্ট করেন অভিনেত্রী, তা হলে সেই কারণে চর্চায় থাকবেন তিনি। এই ধারাবাহিকে যে আইকনিক চরিত্রটি রয়েছে, তার সঙ্গে নাচের যোগ রয়েছে বলে খবর। সেই কারণে রাজনন্দিনীর নামটিও হয়তো মাথায় এসেছে নির্মাতাদের।