পহেলগাঁও হামলার আগে রীতিমতো সামরিক ট্রেনিং দেওয়া হয়েছিল জঙ্গিদের! আর কী কী প্ল্যানিং ছিল? – Bengali News | Sources Says Terrorists involved in Pahalgam Attack Got Army Like Training
নয়া দিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে বিরাট বড় তথ্য প্রকাশ। হামলায় জড়িত সন্ত্রাসীদের দেওয়া হয়েছিল সামরিক প্রশিক্ষণ। এনআইএ তদন্তেই বিষয়টি জানা গিয়েছে।
পহেলগাঁও হামলার তদন্তে নেমে জেলবন্দি লস্কর জঙ্গিদের সঙ্গেও কথা বলছে তদন্তকারীরা। জম্মু ও কাশ্মীরের জেলে বন্দি লস্কর-ই-তৈবার জঙ্গিদের জিজ্ঞাসাবাদের সময় জানা গিয়েছে, রীতিমতো প্ল্যানিং করে জঙ্গি হামলা চালানো হয়েছিল। হামলার আগে জঙ্গিদের সামরিক ট্রেনিং দেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) কম্যান্ডোর মতো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
আরও জানা গিয়েছে, কাশ্মীর উপত্যকায় এমন ১৫-২০ জন কমান্ডার আছেন, যারা বিদেশি জঙ্গিদের ছোট ছোট দলকে নেতৃত্ব দিচ্ছেন। এখন তদন্তকারী সংস্থাগুলির নজর, এই প্রশিক্ষিত সেনা কমান্ডারদের খুঁজে বের করা।
গোয়েন্দা সংস্থাগুলির মতে, আইএসআই-এর লক্ষ্য হল সেনা সুরক্ষা বলয়ের ওপর বড়সড় আক্রমণ। সেই কারণেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।
ইতিমধ্যেই গোয়েন্দা সূত্রে খবর মিলেছে, জঙ্গিরা জম্মু-কাশ্মীরের জেলে হামলা চালানোর ছক কষছে। জেলে বন্দি থাকা লস্কর জঙ্গি ও ওভার গ্রাউন্ড ওয়ার্কারদের মুক্তি দেওয়ার পরিকল্পনা তাদের। খবর পেয়েই জেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
