pahalgam tourist attack: বিদেশে পালানোর ছক কেষেছে জঙ্গিরা! বিমানবন্দরে ‘ফ্লাইট’ নামতেই যাত্রীদের জিজ্ঞাসাবাদ, তারপরই জানা গেল… – Bengali News | Militant those who attack in pahelgaon went to Sri Lanka
নয়া দিল্লি: ছাব্বিশ জন পর্যটককে নৃশংসভাবে খুন। পহেলগাঁওয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাক-মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জেনে খুন করেছে বলে দাবি। এই আবহের মধ্যেই আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে, এই সব জঙ্গিরা পালানোর পথ খুঁজছে। চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় নাকি তারা পালানোর চেষ্টা করছে।
জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে চেন্নাই থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের একটি বিমান উড়ে যায়। সেই সময় ভারতীয় কর্তৃপক্ষের তরফে শ্রীলঙ্কার বিমানবন্দর সংস্থাকে ইঙ্গিত দেওয়া হয় যে, যাত্রীদের মধ্যে ছ’জন জঙ্গি হয়ত ছদ্মবেশে রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের সন্দেহ, যারা যাত্রী তালিকায় ছিলেন, তার মধ্যে এমন কেউ-কেউ রয়েছে যারা এই পহেলগাঁও হামলার সঙ্গে হয়ত যুক্ত। ওই সকল ব্যক্তির ছবি ও তথ্য দেখে তেমনটাই মনে করা হয়েছে।
এরপরই দিল্লি থেকে কলম্বো বিমানবন্দরকে ‘অ্যালার্ট’ করা হয়। বার্তা পাওয়ার পরই চলে তল্লাশি। এরপর ওই বিমান যখন কলম্বো নামে, সঙ্গে সঙ্গে আলাদা একটি জায়গায় বিমানটিকে কর্ডন করে দেওয়া হয়। তারপর এক-এক করে প্রতিজন যাত্রীকে পরীক্ষা করা হয়। সঙ্গে চলে লাগাতার জিজ্ঞাসাবাদ। তবে যে সকল যাত্রীদের দেখে এই সন্দেহ হয়েছিল, তারা আদৌ পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যুক্ত কি না তা এখনও শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানায়নি।
