Balochistan: বালুচিস্তানে হামলা ‘ডেথ স্কোয়াডে’র, দখল হয়ে গেল পাকিস্তানের এই শহর! – Bengali News | Death Squad of Baloch Liberation Army takes control over a town of Balochistan
এবার শেষ পাকিস্তান? ক’দিন আগেই আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল বালোচ লিবারেশন আর্মি। এবার বালুচিস্তানের গোটা একটা শহর দখল করে নিল বালোচ আর্মি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর বালুচিস্তানের মানগুচ্ছারে এই মুহূর্তে চলছে পাক সেনা এবং বালোচ লিবারেশন আর্মির মধ্যে গুলির লড়াই।
শনিবার শহরের প্রধান পাক সেনা ছাউনিতে আক্রমণ করেছে বালোচ লিবারেশন আর্মি। জানা যাচ্ছে ওই শহরের দখল চলে গিয়েছে বালোচ আর্মিদের দখলেই। করাচি-কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাতে দেখা যায় বালোচ লিবারেশন আর্মিকে। জানা যাচ্ছে, বালোচ লিবারেশন আর্মির ‘ডেথ স্কোয়াড’ ক্যাডার দখল নিয়েছে মানগুচ্ছার শহরের।
প্রসঙ্গত, ক’দিন আগেই বেশ কয়েকজন পাক সেনাকর্মী নিহত হন বালোচ লিবারেশন আর্মির হাতে। ওই ঘটনায় বালোচ আর্মির আইডি অ্যাটাকে প্রাণ হারিয়েছিলেন ১০ পাক সেনার জওয়ান। গত কয়েক মাস ধরেই বিএলএ-এর দাপটের কারণে অশান্ত ওই এলাকা।
প্রসঙ্গত, বলে রাখা ভাল এর আগে বালুচিস্তানে অশান্তির জন্যও ভারতকে দায়ী করেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অযৌক্তিক অভিযোগ করেছিল। এর পরে হয় পহেলগাঁও জঙ্গি হামলা। তারপর থেকেই অবনতি হয়েছে ভারত-পাক সম্পর্কের। উত্তেজনা বেড়েছে LOC বা লাইন অব কন্ট্রোল বরাবর। স্বভাবতই এই মুহূর্তে পাক সেনার নজর এলওসি এবং ভারত বর্ডারে। সেই সুযোগকেই সুচারুভাবে কাজে লাগিয়েছে বালোচ লিবারেশন আর্মি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
বিভিন্ন সূত্রে খবর, কেবল শহরের দখল নিয়েই খান্ত হয়নি বালোচ লিবারেশন আর্মি। সেই সঙ্গে সরকারি ভবন, এবং বিভিন্ন সরকারি সম্পত্তি এখন তাঁদের কব্জায়। শুধু তাই নয় খবর বেশ কয়েকজন পাকসেনা কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাকে বন্দি করে রেখেছে তাঁরা।