Rohit Sharma: ধোনি, রায়নাকে ছাপিয়ে নয়া রেকর্ড রোহিতের! সামনে শুধু কিং কোহলি – Bengali News | Rohit Sharma’s record leaves MS Dhoni and Suresh Raina as 6 thousand runs for a single franchise in T20 cricket
ধোনি, রায়নাকে ছাপিয়ে নয়া রেকর্ড রোহিতের! সামনে শুধু কিং কোহলিImage Credit source: BCCI
কলকাতা: পাঁচ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের চলতি মরসুমের শুরুটা ভালো হয়নি। আর এখন সেই মুম্বইকেই আটকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। টানা হাফডজন ম্যাচ জিতে পয়েন্ট টেবলের মগডালে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যে কারণে ১৮তম আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার বলা হচ্ছে মুম্বইকে। রাজস্থানের ঘরের মাঠে ১০০ রানের বড় ব্যবধানে জিতেছে মুম্বই। এই ম্যাচে ৩৬ বলে ৫৩ রান করে এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই সুবাদে ছাপিয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাকে। রোহিতের সামনে শুধু বিরাট কোহলি। কী সেই রেকর্ড?
এ বারের আইপিএলে প্রথম পাঁচ ম্যাচে রোহিত করেন মাত্র ৫৬ রান। তবে এরপরেই ফিরেছেন নিজের পুরোনো ছন্দে। শেষ পাঁচ ইনিংসে তিনি করেছেন ২৩৪ রান। এর মধ্যে রয়েছে দুটি অপরাজিত ৫০ ও ৭০ রানের ইনিংস। আর রাজস্থানের বিরুদ্ধে ৫৩। সেই সুবাদে রোহিত একটি মাত্র দলের হয়ে দ্রুততম ৬০০০ রানের গণ্ডি পেরিয়েছেন।
এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন হিটম্যান। প্রথম স্থানে রয়েছেন ভারতের আর এক মহাতারকা বিরাট কোহলি। সদ্য রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। গত দেড় বছরের মধ্যে তাঁর নেতৃত্বেই দুটি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত তিনি। এ বার টি-২০ ফর্ম্যাটে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড গড়ে মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাকে ছাপিয়ে গিয়েছেন।
এক ঝলকে দেখে নিন নির্দিষ্ট একটি দলের হয়ে সর্বাধিক রানের তালিকায় রয়েছেন কারা –
- বিরাট কোহলি-৮৮৭১ রান- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
- রোহিত শর্মা-৬০০৮ রান- মুম্বই ইন্ডিয়ান্স।
- জেমস ভিন্স-৫৯৩৪ রান-নিউ হ্যাম্পশায়ার।
- সুরেশ রায়না-৫৫২৮- চেন্নাই সুপার কিংস।
- মহেন্দ্র সিং ধোনি- ৫২৬৯-চেন্নাই সুপার কিংস।