ভয় দেখাতে ভালবাসেন পরমব্রত চট্টোপাধ্যায়, কী বললেন তিনি ? - Bengali News | Parambrata Chattopadhyay loves to scare people, what he said. - 24 Ghanta Bangla News
Home

ভয় দেখাতে ভালবাসেন পরমব্রত চট্টোপাধ্যায়, কী বললেন তিনি ? – Bengali News | Parambrata Chattopadhyay loves to scare people, what he said.

Spread the love

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নিজের অভিনয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বহুবছর আগেই। তবে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর গল্প বলার ধরনে দর্শকদের ভালোবাসা পাচ্ছেন। সিনেমা থেকে সিরিজ সবেতেই নিজস্ব শৈলি তৈরি করছেন। সিরিজের ক্ষেত্রে এমন কিছু অতি ভৌতিক বিষয় পর্দায় নিয়ে আসছেন, তাতে বাংলা সিরিজের ক্ষেত্রে ভয় নিয়ে নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে। অভীক সরকারের লেখা ‘ভোগ ‘ এখন হইচইতে দেখা যাচ্ছে। সেই সিরিজ নিয়ে দর্শকদের মনে প্রবল উৎসাহ রয়েছে। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় কি দর্শকদের ভয় দেখাতে ভালোবাসেন? এর উত্তর খুঁজতেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হল TV9বাংলার।

পরিচালক পরমব্রত বললেন, “ভয় একটা খুব আদিম প্রবৃত্তি বা আবেগ বলা যায়। মানুষ ভয় পেতে ভালবাসে। ভয় নানা ধরণের হয়, বিপদের ভয় হয়, আত্মিয়সজন বা ভালোবাসার মানুষ যেন বিপদে না পড়ে তার ভয় থাকে। জন্তু জানোয়ারের ভয় হয়, ক্ষমতাশালীর ভয় থাকে, আবার এমন অনেক ভয় আছে যেটা আমাকে সরাসরি এফেক্ট করছেনা কিন্তু আর একজন মানুষ ভয় পাচ্ছে। তাদের দেখে ভয়ের কোন কোন বিষয়গুলো আমাকে ভয় দেখাতে পারে, এই বিষয়ে সচেতন হচ্ছি, সেই ধরনের ভয়টা দেখতে মানুষ ভালোবাসে। আর সেই ভয়টা দেখাতে আমি ভালোবসি। একটু বিস্তারিত ভাবে বললে, ভয় হল, ‘প্রাইমাল ইন্সটিক্ট’ মানে আদিম প্রবৃত্তি গুলির মধ্যে একটি। আমরা যখন কোন ভুতের ছবি দেখি, কোন সিন চলছে, কোথাও কোন শব্দ শুনে , সেই শব্দের উৎসস্থল খুঁজতে কোনো চরিত্র এগিয়ে যাচ্ছে, দর্শক ভাবে কেন যাচ্ছে? ওখানে যাওয়ার দরকার নেই! আদপে কিন্ত দর্শক মনে মনে চায় যে ওই দিকে চরিত্রটি যাক! আসলে ভয় আমাদের জীবনের সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে আছে, অতিলৌকিক ভয়, যেটা নিয়ে আমাদের ইনসিকিওরিটি কম থাকে, কারণ আমরা জানি হয়ত এই ভয়টা অন্য ভয়ের মত আমাদের আসল জীবনে প্রভাবিত করবেনা। আসলে ভালোবাসা, স্নেহ, খিদে, যৌনতা বা ঘুমের চাহিদার মতই ভয়েরও একটা চাহিদা রয়েছে মানুষের মনে। আর সেই ভয়টা যদি হয় এমন একটা জগৎ নিয়ে যেটা আমাদের সম্পূর্ণ অজানা, যেটা মৃত্যু বা মৃত্যুর পরবর্তী সময় নিয়ে, যেটাকে আমরা ছুঁতে পারিনা, পার্থিব জগতের বাইরে, সেই বিষয় নিয়ে যে ভয়টা, সেটা দর্শক রসিয়ে রসিয়ে উপভোগ করে, আর সেই ভয়টা দেখাতে আমার ভালোলাগে।”

ভূতে বিশ্বাস করতে পছন্দ করেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর মতে নিজে বিশ্বাস না করলে কল্পনাও হবেনা, তাই তিনি ভূতে ভয়ও পান, তবে ভূত ছাড়া আর কোন বিষয়ে ভয় পান পরমব্রত চট্টোপাধ্যায়। এর উত্তরে পরিচালক বললেন, “ভূত ছাড়া আমি যদি কিছুতে ভয় পাই তা হল মাকড়শা। তবে আরও এক ধরনের বিষয় আছে, যেটাতে ঠিক ভয় বলবনা, তবে ভালো হয় যদি এড়িয়ে যাওয়া যায়, তাহল মানুষের ক্ষমতার আস্ফালন, এটাকে ভয় পাই, সঙ্গে এটাও ভয় পাই যে আমি যেন কখনও এইরকম ক্ষমতার আস্ফালন না দেখাই, এটাও সচেতন থাকি। অন্য কেউ ভয় দেখালে প্রাথমিক ভাবে ভয় পাই, তারপর সেই ভয়কে জয় করে তার বিরুদ্ধে ন্যায়সঙ্গতভাবে , ভদ্রভাবে, সাংবিধানিক ভাবে লড়াই করার চেষ্টা করি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *