Balurghat: বাস থেকে কার্টুন নামিয়ে তুলেছিল টোটোয়, তারপর ডিম সরিয়েই দেখতেই চোখ চড়কগাছ – Bengali News | Balurghat: One bus driver trying to summgling marijuana from Balurghat
হিলি থানা কী উদ্ধার হল?Image Credit source: Tv9 Bangla
বালুরঘাট: কখনও বাইকে,কখনও সাইকেলের টায়ার ভিতর পাচার হয়েছে সোনা কিংবা মাদক দ্রব্য। আর এবার ডিমের কার্টুনের ভিতরে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক পাচারকারী। ধৃতের কাছ থেকে উদ্ধার প্রায় এক কুইন্টাল গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বক্সিগঞ্জ এলাকায়।
ধৃতের নাম কাঞ্চন হালদার (৩২)। সোমবার সকালে শিলিগুড়ি থেকে মনিপুরী গাঁজা বাসে করে আনা হচ্ছিল জেলায়। পতিরামে বাস থেকে নামিয়ে সেই গাঁজা টোটো করে হিলিতে আনা হচ্ছিল। অভিযোগ, বাংলাদেশের পাচারের আগেই হিলির বক্সিগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ধৃত কাঞ্চন হালদারের বাড়ি হিলির ত্রিমোহিনীতে।
এ দিকে এনিয়ে সোমবার দুপুরে হিলি থানায় সাংবাদিক বৈঠক করলেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস। কীভাবে ও কোথায় গাঁজা গুলি পাচার করার জন্য হিলিতে আনা হচ্ছিল, এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। ধৃতকে ১৩ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলা হচ্ছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।
