IPL 2025, KKR: কেকেআরের ব্যাটিং শুরু হতেই ইডেনে ঝড়, পরিকল্পনা ফাঁস নাইটদের! – Bengali News | IPL 2025: KKR vs PBKS Match Stopped due to Rain and hailstorm While KKR chasing 202
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলছে রিভেঞ্জ উইক। কলকাতা নাইট রাইডার্সের কাছে অবশ্য বদলা শুধু এক ম্যাচের নয়। বরং এক বছরেরও বলা যায়। গত বছর আইপিএলে আজকের দিনেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। কেকেআর প্রথমে ব্যাট করে তুলেছিল ২৬১ রান। জিততে হলে রেকর্ড গড়তে হত পঞ্জাব কিংসকে। সেটাই তারা করে দেখিয়েছিল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল। তেমনই এ মরসুমে প্রথম রাউন্ডেও পঞ্জাবের কাছে হেরেছে নাইট রাইডার্স। বদলার ম্যাচে পরিকল্পনাই ফাঁস হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের!
টস জিতে এ দিন ইডেনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাইটদের প্রাক্তনী তথা পঞ্জাব কিংসের বর্তমান ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তাদের শুরুটা যেমন হয়েছিল, আরও একটা আড়াইশো প্লাস স্কোর না হয়ে যায়, এমন পরিস্থিতি ছিল। স্পিনারদের সৌজন্য়ে দুরন্ত কামব্যাক করে কেকেআর। প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আর্যর বিধ্বংসী ইনিংস। স্লগ ওভারে সেই অর্থে রান তুলতে পারেনি পঞ্জাব কিংস। কেকেআরের টার্গেট দাঁড়ায় ২০২ রান।
কলকাতা সংলগ্ন নানা জায়গাতেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। এর আঁচ পড়ে কলকাতাতেও। নাইট রাইডার্সের রান তাড়া শুরু হতেই ইডেনে ব্যাপক ঝড়। কিছুক্ষণের মধ্যে নামে বৃষ্টিও। আর এই ঝড় এতটাই জোরালো ছিল যে কেকেআর ডাগআউটের অনেক কাগজপত্রই এদিক-ওদিক ছড়িয়ে পড়ে। পঞ্জাব শিবিরের একজন তেমনই কিছু কাগজ কুড়িয়ে কেকেআর ব্য়াটার রিঙ্কু সিংয়ের হাতে তুলে দেন। এতেই অনেকে মজা করে বলছেন, কেকেআরের পরিকল্পনা লেখা ছিল না তো সেই কাগজে! হতেই পারে।
খেলা বন্ধ করতে হয়। বৃষ্টি আসায় দ্রুতই ইডেন গার্ডেন্সের মাঠকর্মীরা কভার দেওয়ার চেষ্টা করেন। যদিও প্রচণ্ড হাওয়ায় পেড়ে উঠছিলেন না। গ্রাউন্ড কভারও ছিড়ে গিয়েছে। এই প্রতিবেদন লেখা অবধি ম্যাচ পুনরায় শুরু করা যায়নি।