PM Modi in Saudi Arabia: ‘ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু’, সৌদি আরবে পৌঁছে প্রশংসায় পঞ্চমুখ মোদী – Bengali News | PM Modi Lauds Strong India Saudi Arabia Ties Upon Arrival in Jeddah
সৌদি আরবে প্রধানমন্ত্রীImage Credit source: PTI
রিয়াদ: দু’দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অর্থাৎ মঙ্গলবার আরব দেশে পৌঁছেছেন তিনি। সেই দেশে পৌঁছছেই ভারত ও সৌদি আরবের উত্তরোত্তর মজবুত হওয়া সম্পর্ক নিয়ে প্রশংসা করতে দেখা যায় তাঁকে।
সৌদি আরবে পৌঁছেই সেখানকার সংবাদমাধ্যমকে মোদী বলেন, ‘এই দেশ ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু। অনিশ্চয়তাপূর্ণ এই পৃথিবীর বুকে এই দুই দেশের সম্পর্ক একটা স্তম্ভে মতো দাঁড়িয়ে রয়েছে।’ এরপরই সৌদি আরবের যুবরাজ তথা সেদেশের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সলমনের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন,’উনি একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ও আমাদের এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম সমর্থক। আমি যখন তার সঙ্গে প্রথমবার দেখা করি, তাঁর অন্তর্দৃষ্টি, দূরদর্শীতা, আমার মনে একটা গভীর দাগ কেটে যায়।’
উল্লেখ্য, আগামিকাল পর্যন্ত আরব দেশেই থাকবেন প্রধানমন্ত্রী। এই ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সেদেশের যুবরাজের সঙ্গে। বলা বাহুল্য, মুহাম্মদ বিন সলমনের আমন্ত্রণেই এদিন সৌদিতে যান মোদী। এই নিয়ে তৃতীয়বার সেদেশে পা রাখলেন তিনি। শেষবার গিয়েছিলেন ২০১৯ সালে। তার আগে গিয়েছিলেন ২০১৬ সালে।
