সত্যজিতের সিনেমায় একসঙ্গে উত্তম-সুচিত্রা-সৌমিত্র! চিত্রনাট্য লেখা হলেও স্রেফ একটা কারণেই তৈরি হল না সেই ছবি – Bengali News | Satyajit ray wants to make a movie with uttam kumar suchitra sen and soumitra chatterjee
একবার ভেবে দেখুন তো, পর্দায় একফ্রেমে উত্তম কুমার, সুচিত্রা সেন আর সৌমিত্র চট্টোপাধ্য়ায়! পরিচালক সত্যজিৎ রায়! ভেবে দেখুন, এ ঘটনা সত্যি হলে, বাংলা চলচ্চিত্রে ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হত। কিন্তু সত্যজিতের এই স্বপ্ন, স্বপ্নই থেকে গেল। চিত্রনাট্য তৈরি হয়েও, সত্যজিৎ বাধ্য হলেন পিছিয়ে আসতে। উত্তম, সুচিত্রা, সৌমিত্রকে একফ্রেমে রেখে ছবি আর তৈরি করা হল না তাঁর। এই ঘটনায় বেশ দুঃখও পেয়েছিলেন সত্যজিৎ।
গল্পটা একটু বিশদে বলা যাক। সত্য়জিতের স্ত্রী বিজয় রায়ের একটি লেখা থেকে জানা যায়, বহু আগেই ঘরে বাইরে ছবিটি তৈরি করার প্ল্যান করেছিলেন সত্যজিৎ। বিমলার চরিত্রে সুচিত্রাকে অভিনয় করার কথাও বলেছিলেন। তবে শেষমেশ সুচিত্রাকে রাজি করাতে পারেননি। অন্যদিকে, সেই সময় সাংবাদিকের একাংশের মধ্যে সুচিত্রা বিদ্বেষ শুরু হয়েছিল। মহানায়িকার সঙ্গে নাকি বেশ কিছু কারণে সাংবাদিকদের একাংশের অশান্তি ছিল। সেই সময়কার এক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, সিগনেট প্রেসের ডিকে গুপ্ত স্পষ্ট সত্যজিৎকে জানিয়ে ছিলেন সুচিত্রা যদি ঘরে বাইরের বিমলা হয়, তাহলে তিনি আত্মঘাতী হবেন! সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তবে শুধু সুচিত্রাই নয়, সত্যজিৎ ঘর বাইরে ছবির জন্য ভেবেছিলেন উত্তম ও সৌমিত্রকেও। সত্যজিতের ভাবনায় নিখিলেশ হতেন সৌমিত্র আর সন্দীপের চরিত্রে উত্তম।
জানা যায়, উত্তমকে চিত্রনাট্য পাঠিয়ে ছিলেন সত্যজিৎ। উত্তম কিছুদিন সময়ও চেয়েছিলেন। তবে হঠাৎই ফোন করে পরিচালককে মহানায়ক জানিয়ে ছিলেন তিনি ঘরে বাইরে ছবিতে অভিনয় করতে পারবেন না। সেই সময় এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উত্তমের কাছের লোকেরা তাঁকে বলেছিলেন সৌমিত্রর বিপরীতে এই ছবি না করতে, কেননা ঘরে বাইরের সন্দীপ চরিত্রটি অ্যান্টি হিরোর। সেই কথা শুনেই নাকি ছবি ছাড়েন উত্তম।
এই খবরটিও পড়ুন
এই ঘটনার বহু বছর পর অবশ্য ঘরে বাইরে ছবিটি তৈরি হয়। ১৯৮৪ সালে মুক্তি পায়। সেখানে বিমলার চরিত্রে ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত এবং নিখিলেশের চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপের চরিত্রে দেখা যায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে।