হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত, এখন কেমন আছেন? – Bengali News | Director Srijit Mukherji is admitted to a private hospital
শুক্রবার গভীর রাতে শরীর খারাপ হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। তাঁর মাথা ঘুরছিল, শরীরে অস্বস্তি অনুভব করেন। তারপরই তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। হৃদরোগজনিত সমস্যার কারণে শরীর খারাপ হয়েছে বলে অনুমান করছেন চিকিত্সকরা। বিভিন্ন টেস্ট করা হয়েছে। শনিবার টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিত্সকরা সিদ্ধান্ত নেবেন, ঠিক কোন পথে চিকিত্সা এগোবে। চিকিত্সক জানিয়েছেন, বিপন্মুক্ত পরিচালক। চিকিত্সার মাধ্যমে পরিচালককে সুস্থ করে তুলবেন তাঁরা, দিন কয়েকের মধ্যে।
যে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। এই ছবি মুক্তি পেয়েছে পয়লা বৈশাখে। শনিবার আর রবিবার পরিচালকের সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু শরীর খারাপের কারণে শনিবারের সিনেমা হলে যাওয়া বাতিল করতে হয়েছে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন কিনা পরিচালক, সেই দিকে নজর রাখতে হবে। সামনেই নতুন নাটকে অভিনয় করবেন সৃজিত। সুস্থ হয়েই সেই নাটকের রিহার্সাল শুরু করে দেবেন। প্রসঙ্গত, এই বছর দু’টো ছবি মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালনায়। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। পয়লা বৈশাখে মুক্তি পেল ‘কিলবিল সোসাইটি’। জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। টলিপাড়ায় সৃজিতের শরীর খারাপের খবর ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তার ভাঁজ প্রায় সকলের কপালে। শনিবার দিনভর পরিচালকের শরীরের খোঁজ নিতে অনেক নামী মুখই পৌঁছে যাবেন হাসপাতালে।