আচমকা বন্ধ শুটিং, এবার কি ‘রোষ’এর মুখে পরিচালক সুদেষ্ণা রায়? – Bengali News | Sudeshna roy did a facebook live on sudden close of his film shoot
কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়ের পর এবার ফেডারেশনের রোষের মুখে পরিচালক সুদেষ্ণা রায়? বুধবার, ১৬ এপ্রিল, উত্তর কলকাতার একটি বাড়ি থেকে ফেসবুক লাইভে এসে সবটা সামনে আনলেন পরিচালক। নিজেই জানালেন তাঁর নতুন ছবির শুটিং ঘিরে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার কথা।
সুদেষ্ণা জানান, তাঁর দীর্ঘ ২০ বছরের পুরনো প্রোডাকশন ম্যানেজার শুটিং শুরু হওয়ার মাত্র ছ’দিন আগে কোনও কারণ না জানিয়েই আচমকা কাজ ছেড়ে দেন। প্রোডাকশন ম্যানেজার যে গিল্ডের সদস্য, সেই গিল্ড ও ফেডারেশনকে তিনি ইমেল মারফত গোটা বিষয়টি বিস্তারিত জানান।
কিন্তু সেই ইমেল আদানপ্রদানের মধ্যেই একে একে ছবির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট বাকি টেকনিশিয়ানরাও কাজ ছেড়ে দেন বলে অভিযোগ পরিচালকের। পরিকল্পনা অনুযায়ী বুধবার থেকে ছবির শুটিং শুরুর কথা ছিল। কিন্তু শুটিং স্পট থেকেই সুদেষ্ণা ফেসবুক লাইভে এসে অসহায়ভাবে জানান, টেকনিশিয়ানদের অসহযোগিতার কারণে তাঁর পক্ষে শুটিং শুরু করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, সুদেষ্ণা রায় ডিরেক্টরস অ্যান্ড এক্টরস ইকুইটি (D.A.E.I) সংগঠনের সম্পাদিকা। শিল্পী ও পরিচালকদের স্বার্থ রক্ষায় তিনি যেভাবে একাধিকবার সরব হয়েছেন, তা কি এবার ফেডারেশনের চোখে পড়ল? শিল্পীমহলে এই নিয়েই প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে এবার কি তবে সুদেষ্ণার পালা! এই পরিস্থিতিতে টলিউডে ফের নতুন করে উত্তাপ ছড়িয়েছে ‘ফেডারেশন বনাম পরিচালক’ বিতর্কে। এখন দেখার এই পরিস্থিতির সমাধান সূত্র কোথায়?