গোপন আলোচনা হয় রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর, মুর্শিদাবাদ হিংসার পর মুখ্যসচিব বলেন…, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

গোপন আলোচনা হয় রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর, মুর্শিদাবাদ হিংসার পর মুখ্যসচিব বলেন…, বাংলার মুখ

Spread the love

মুর্শিদাবাদের ওয়াকফ হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার ভিডিয়ো বার্তা প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানান, এর আগে হিংসার সম্ভাবনার খবর জানার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়েছিল। শুধু তাই নয়, গতকালকের হিংসার পরও রাজ্য সরকারের সঙ্গে কথা হয় তাঁর। বোসের কথায়, মুখ্যসচিব নাকি নিজে তাঁকে আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে সব কিছু করা হচ্ছে। তাণ্ডব চালানো দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এবং হিংসা কোনও ভাবেই বাড়তে দেওয়া হবে না।

ভিডিয়ো বার্তায় বোস বলেন, ‘বাংলার কোথাও কোথাও কিছু লোক আইনশৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিচ্ছে বলে আমি খবর পাচ্ছি, যা খুবই উদ্বেগের। গণতন্ত্রে প্রতিবাদ করা যায়, কিন্তু সহিংসতা নয়। প্রতিবাদের নামে জনশৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না এবং জনগণের জীবনকে নষ্ট করা যাবে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে… বাংলার কিছু অংশে কিছু সমস্যা তৈরি হতে পারে, এমন তথ্য পাওয়ার পরই রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটি গোপন আলোচনা হয়েছিল… আজও, যখন কিছু অশান্তি শুরু হয়েছিল, তখন সরকারি কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছিল। মুখ্য সচিব আশ্বস্ত করেছেন যে সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং কোনওভাবেই অশান্তি বাড়তে দেওয়া হবে না। রাজ্য প্রস্তুত। দুষ্কৃতীদের বিরুদ্ধে সকল ব্যবস্থা নেওয়া হবে। কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। শান্তি বাংলার প্রাপ্য। বাংলায় শান্তি বিরাজ করবে। এতে কোনও সন্দেহ নেই…’

উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ-আন্দোলনের জেরে ১১ এপ্রিল ফের একবার রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা। সুতি এবং সমশেরগঞ্জে পুলিশের উপর ব্যাপকভাবে হামলা করা হয় বলে অভিযোগ। যার জবাব দিতে হয় পুলিশকেও। এমনকী, প্রাণ বাঁচাতে মসজিদে আশ্রয় নেন একাধিক পুলিশকর্মী। হিংসার ঘটনায় দু’জন গুলিবিদ্ধও হয়। পরিস্থিতি সামলাতে বাধ্য হয়েই বিএসএফ-কে রাস্তায় নামাতে হয়েছে। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচলের উপর নিয়ন্ত্রণ ঘোষণা করা হয়েছে। যার ফলে পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ১৬৩ ধারা জারি করা হয়েছে বহু জায়গায়।

রেলের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ধুলিয়ানগঞ্জ ও নিমতিতার মধ্যে ট্রেন চলাচল ব্য়াহত হয়েছে। দাবি করা হয়েছে, প্রায় ৫,০০০ মানুষের একটি জমায়েত রেললাইন অবরোধ করে। যার জেরে নিউ ফরাক্কা ও আজিমগঞ্জ রুটে পরিষেবা ব্যাহত হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে রেলের সম্পত্তি নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনার জেরে এদিন একাধিক ট্রেন বাতিল করতে হয় এবং বহু ট্রেন ঘুর পথেও চালানো হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *