কনকাশনই হল কাল! ২৭ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত অজি ক্রিকেটারের – Bengali News | Australia Star Will Pucovski Aged 27 Announces Shock Retirement Due To Concussion
কনকাশনই হল কাল! ২৭ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত অজি ক্রিকেটারেরImage Credit source: ICC
কলকাতা: মাত্র ২৭ বছর বয়সেই ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার উইল পুকোভস্কি (Will Pucovski)। এত অল্প বয়সে কেন ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিলেন ডানহাতি ব্যাটার উইল? এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বারবার কনকাশনের ধাক্কা সামলাতে সামলাতে বিপর্যস্ত হয়ে পড়েছেন উইল। তাই শেষমেশ ক্রিকেট ছেড়েই দিলেন।
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ২০২০-২১ মরসুমে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার পুকোভস্কির। গত বছরের মার্চে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে মাথায় চোট পান তিনি। তাসমানিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে জোরে বোলার রাইলি মেরেডিথের বল এসে লাগে তাঁর হেলমেটে। তারপর থেকে আর একটিও ম্যাচ খেলেননি পুকোভস্কি। মাথায় চোট লাগার পর দুটো মাস ঠিক ভাবে হাঁটাচলা করতে পারেননি তিনি। কনকাশনের যে এই খেসারত দিতে হবে, তা ভাবেননি পুকোভস্কি। তাই নিলেন বড়সড় সিদ্ধান্ত।
অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে পুকোভস্কি বলেন, “আমি আর কখনও ক্রিকেট খেলব না। এই সিদ্ধান্তটা নেওয়া সহজ কাজ ছিল না। আমি আরও অন্তত ১৫ বছর খেলতে চেয়েছিলাম। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না।” একটা সময় ১০০টা টেস্ট খেলার স্বপ্ন দেখতেন পুকোভস্কি। সেখানে ১ টেস্ট খেলেই কেরিয়ারে ইতি টানতে হল। তিনি ‘মোশন সিকনেস’-এর সমস্যায় ভুগছেন। তাঁর মাথায় বল লাগার পর নিজের বাঁ দিকে দেখার ক্ষেত্রে সমস্যা শুরু হয়।
নিজে ক্রিকেট খেলা ছাড়লেও অন্যদের শেখাতে চান। যার ফলে কোচিংয়ের দুনিয়াতে পা রাখতে চান উইল পুকোভস্কি। মেলবোর্ন ক্রিকেট ক্লাবে কোচিং করাবেন, এমনটাই জানিয়েছেন পুকোভস্কি। বরাবরই কোচিং করাতে আগ্রহী ছিলেন। এ বার যেহেতু নিজে অবসর ঘোষণা করেছেন, ফলে কোচিংয়ে মন ও সময় দেওয়ার সুযোগ পাবেন তিনি।