Waqf Bill: সংসদে পাশ হতেই ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস সাংসদ – Bengali News | Congress MP Mohammad Jawed approaches Supreme Court challenging Waqf amendment bill 2025
নয়াদিল্লি: সংসদের দুই কক্ষে পাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াকফ সংশোধনী বিলের জল গড়াল সুপ্রিম কোর্টে। বিলটিকে চ্যালেঞ্জ করে শুক্রবার শীর্ষ আদালতে আবেদন জানালেন এক কংগ্রেস সাংসদ। এই বিলের ফলে মুসলিম সম্প্রদায় বৈষম্যের শিকার হয়েছে বলে তাঁর অভিযোগ।
২ দিনে ২৫ ঘণ্টার বেশি বিতর্কের পর সংসদের দুই কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বুধবার রাতে তা পাশ হয় লোকসভায়। আর পরদিন রাতে ওয়াকফ বিল রাজ্যসভায় পাশ হয়। বিলটি পাশের কয়েকঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ মহম্মদ জাওয়েদ। তিনি বিহারের কিষাণগঞ্জের সাংসদ।
তাঁর অভিযোগ, নতুন বিলটি সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে। সংবিধানের অনুচ্ছেদ ১৪ (সমানাধিকার), অনুচ্ছেদ ২৫ (ধর্মাচরণের স্বাধীনতা), অনুচ্ছেদ ২৬ ( ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), অনুচ্ছেদ ২৯ (সংখ্যালঘু অধিকার) এবং অনুচ্ছেদ ৩০০এ (সম্পত্তির অধিকার) লঙ্ঘন করছে এই বিল।
এই খবরটিও পড়ুন
কংগ্রেস এই সাংসদের হয়ে সুপ্রিম কোর্টে আবেদনটি করেছেন আইনজীবী আনাস তানবীর। আবেদনে কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, এই বিলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা হয়েছে। সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং স্টেট ওয়াকফ বোর্ডে অমুসলিম প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে ওয়াকফ সংশোধনী বিলে। তা নিয়ে আপত্তি জানিয়েছেন কংগ্রেস এই সাংসদ।
ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হলেও এখনও আইন হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। এদিকে, সংসদের দুই কক্ষেই বিলটি পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অভূতপূর্ব মুহূর্ত বলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এতদিন যাঁরা প্রান্তিক ও বঞ্চিত ছিলেন, নতুন এই বিল তাঁদের সাহায্য করবে।”
