মনামীর ব্যাগে মাছ এলো কোথা থেকে? জানলে চমকে যাবেন – Bengali News | How monami ghosh decided to include a fish in her fashion list
সম্প্রতি এক ইভেন্টে মনামী ঘোষ পরে গিয়েছিলেন এক দারুণ প্লাস্টিকের ড্রেস। তবে নজর কাড়ে এদিন তাঁর হাতে থাকা ব্যাগ। শো স্টার যেন তিনিই। কারণ, একটি মাছ। নায়িকার হাতের গ্লাস ব্যাগে ছিল মাছ। এতক্ষণে সেই ছবি থেকে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই মাছ দেখে উত্তেজিত অভিনেত্রী জয়া আহসান। অনেকেই মনামীর কাছে এসে মাছটা দেখছিলেন। কেন এরকম মাছ নিয়ে অনুষ্ঠানে গেলেন মনামী?
TV9 বাংলাকে অভিনেত্রী বললেন, “রিসাইকেল করা প্লাস্টিকের পোশাক পরেছিলাম। তার সঙ্গে জলের মধ্যে জ্যান্ত মাছ নিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় জলাশয়ের পাশে দেখতে পাই, প্লাস্টিকের বাটি বা গ্লাসে কেউ খেয়ে সেটা হয়তো ফেলে দিয়েছেন! বা ঠান্ডা পানীয় প্লাস্টিকের বোতলে খেয়ে ফেলে দিয়েছেন। এরকম অনেক ভিডিয়ো দেখেছি, পাহাড়েও মানুষ প্লাস্টিক ফেলে দিয়ে চলে যাচ্ছেন। হয়তো সেই সময়ে খেয়াল থাকে না, কেউ হয়তো ভুল করে করছেন এমন বা কেউ হয়তো বিষয়টা নিয়ে সতর্ক নন। কিন্তু জলের ভিতরের যে জীব থাকে, তাদের এরকম ঘটনায় বিপর্যয়ের মুখে পড়তে হয়। আমার রাশিরও যোগ রয়েছে জলের সঙ্গে। এমনটা যাতে না হয়, সেই বার্তা দিতেই এমন প্লাস্টিকের পোশাক পরেছিলাম। সঙ্গে গ্লাস ব্যাগে রেখেছিলাম মাছ।”
মনামীর সঙ্গে কথা বলেই জানা গেল, মাছ বা জলের প্রাণীরা যাতে সুস্থ থাকে, তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব যাতে সকলে নিতে পারি, সেটা ভেবেই গ্লাস ব্যাগে এমন মাছ এনেছিলেন মনামী। এরকম গ্লাস ব্যাগ বিদেশে জনপ্রিয়। অনলাইন শপিংয়ের মাধ্যমে অনেকেই এমন ব্যাগ অর্ডার করেন। কিন্তু যে সময়ে মনামী এমন সাজের ভাবনা ভাবেন, তখন কিছুটা দেরি হয়ে গিয়েছিল। তাই এই গ্লাস ব্যাগ এখানেই তৈরি করতে হয় তাঁর টিমের সদস্যদের। সেই ব্যাগে যে বেটা ফিশ নজর কেড়েছে, সে থাকে মনামীর লুক ডিজাইন করেছেন যিনি, তাঁর বাড়িতে। এই অনুষ্ঠানের জন্যই তাকে ব্যাগে ভরে নিয়ে আসা হয়েছিল। এখন সে আবার অ্যাকোয়ারিয়ামে ফিরে গিয়েছে।