Suvendu Adhikari: ‘হিন্দু ভোটারকে ডেকে বলা হচ্ছে, আপনি বাংলাদেশি’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর – Bengali News | Suvendu adhikari claims, state govt is removing some names from voter list
কলকাতা: ভোটার তালিকা থেকে ‘ভুয়ো’ ভোটার সরানোর কাজে তৎপর হয়েছে তৃণমূল তথা রাজ্য। শুরু হয়েছে সমীক্ষা। দরজায় দরজায় ঘুরছেন তৃণমূল নেতারা। সেই ইস্যুতেই ফের একবার সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভুয়ো ভোটারের নামে আদতে হিন্দিভাষী ও হিন্দু বাঙালি ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে।
গত ২৭ ফেব্রুয়ারি থেকে এই ভোটারদের নাম কাটা শুরু হয়েছে বলে সাংবাদিক বৈঠকে দাবি করেছেন শুভেন্দু। তিনি বলেন, “ভোটার তালিকায় হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে বলব কৃষ্ণনগরের বিডিও-কে স্যাক করতে।”
শুভেন্দুর অভিযোগ, বাগদার বিডিও একই কীর্তি করছেন। হিন্দু ভোটার ডেকে বলছেন, আপনি যে বাংলাদেশি নন, তা প্রমাণ করান। ফর্ম সেভেন এ যিনি জমা দেবেন, তাঁকে প্রমাণ করতে হবে। এই সব ঘটনার প্রতিবাদে বাগদা ও কৃষ্ণনগরে বিজেপি শান্তিপূর্ণ অবস্থান করবেন বলে জানিয়েছেন।
ভোটার তালিকা নিয়ে আগেও সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এও দাবি করেন যে, সত্যিই যদি পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ধরতে হয়, তাহলে ভোট দানের আগে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় যাচাই করা হোক।
বিজেপি এও দাবি করে যে, যে সব বুথগুলিতে ‘অবাঙালি’ জনসংখ্যা বেশি। আইপ্যাকের পরামর্শে সেই সব বুথে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।
