Jalpaiguri: কীর্তনের ভিডিয়ো ছড়াল উল্কা গতিতে! শিল্পীর নাম গেল থানায়… কেন? – Bengali News | Jalpaiguri Kirtan with distorted gestures! Complaint filed against YouTuber at police station
ইউটিউবারের বিরুদ্ধে থানায় অভিযোগImage Credit source: TV9 Bangla
জলপাইগুড়ি: হাতে মদের বোতল নিয়ে বিকৃত অঙ্গভঙ্গি করে কীর্তন অঙ্গের এক গানের মিউজিক ভিডিয়ো বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল। গান গাইলেন, “গোঁসাই আমি মিথ্যে হলেও মাতাল আমি খাঁটি।” আর এই অভিযোগে এক ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ, কুৎসিত ওই ভিডিয়ো ভাইরাল করে কার্যত সনাতনি ধর্মের ওপর আঘাত হানা হচ্ছে। তাই অবিলম্বে ওই ভিডিয়ো ডিলিট করার পাশাপাশি অভিযুক্ত ইউটিউবারকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত মনোজ দত্ত বলেন, “সামাজিক মাধ্যমে দেখলাম, জয়ন্ত রায় এক যুবক কীর্তনের পরিবেশ তৈরি করে, হাতে জপ মালা নিয়ে অপসংস্কৃতির ভিডিয়ো করেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সে মদ্যপান করছে, মহিলার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে। এটা হিন্দু সংস্কৃতির চরম অপমান। আমরা প্রশাসনকে জানালাম। আজকেই এই ভিডিয়োটা নজরে এসেছে।”
