Ghatal Masterplan: পরপর খালের উপর তৈরি হচ্ছে সেতু, ‘মাস্টারপ্ল্যান’ এখন সময়ের অপেক্ষা! – Bengali News | Work of Ghatal Masterplan has started, bridge to be made soon
ঘাটাল: বছরের পর বছর বন্যায় ভাসে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বারবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টারপ্ল্যান। লোকসভা নির্বাচনের আগে সে প্রকল্প করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অবশেষে একধাপ এগোল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। দ্রুত শুরু হবে ব্রিজ। তবে কাজ শুরু হলেও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। তারা বলছে, এটা আসলে ‘টাকা চুরির মাস্টার প্ল্যান’।
১৯ কোটি ২৬ লক্ষ টাকা ব্যায়ে দাসপুরে নির্মাণ হবে পাঁচটি কংক্রিটের ব্রিজ। ঘাটাল মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই এই সেতু তৈরি হবে বলে জানা গিয়েছে। দাসপুর দু’নম্বর ব্লকে সেতুগুলি নির্মাণ করা হবে। দাসপুরের চন্দ্রেশ্বর ও পলাশপাই খালের উপর নির্মিত হবে এগুলি।
রানিচক গ্রাম পঞ্চায়েতের দরিঅযোধ্যা এলাকায়, বিনাই গ্রাম পঞ্চায়েতের ভূঁইয়াড়া, সাহাচক গ্রাম পঞ্চায়েতের উদয়চকে, জ্যোতঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের জ্যোতঘনশ্যামে হওয়ার কথা এই সেতুগুলি। জানা যাচ্ছে, টেন্ডার প্রক্রিয়া শেষ করে ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে, এবার শুধু কাজ শুরুর অপেক্ষা।
দাসপুর ব্লক প্রশাসন সূত্রে খবর এই ব্লক এলাকায় ১৫টি ব্রিজ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে ৫টি ব্রিজের অনুমোদন মিলেছে ইতিমধ্যে। দীর্ঘদিন পর কংক্রিটের ব্রিজের অনুমোদন হওয়ায় খুশি দাসপুরের বাসিন্দারা।