Road Accident: জঙ্গলমহলে তিন তিনটি ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৩, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৮ – Bengali News | Three dead, 8 hospitalized in critical condition in three horrific road accidents in Jangalmahal
একের পর এক পথ দুর্ঘটনায় ঝরল রক্ত Image Credit source: TV 9 Bangla
অসীম বেরা, হীরক মুখোপাধ্যায়, তপন হালদারের রিপোর্ট
কলকাতা: পুরুলিয়া থেকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, সোমবার সকাল থেকেই রাজ্যে নানা প্রান্তে পথ দুর্ঘটনায় একের পর এক মৃত্যু। ঝরল রক্ত। হাসপাতালেও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি একাধিক ব্যক্তি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার পাঁচবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের। আশঙ্কাজনক তিন। রবিবারের রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বাড়ির সামনে এসে পাঁচবেড়িয়ায় এক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মারুতির। চোখের নিমেষেই একেবারে দুমড়ে-মুচড়ে যায় মারুতিটি। মৃত্যু হয়েছে চালকের। বাকি ৩ যাত্রী হাসপাতালে ভর্তি।
অন্যদিকে পুরুলিয়ায় আবার সাতসকালে ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাইকেল আরোহীর। ঘটনা ছড়রা-নাদিয়াড়া রাজ্য সড়কের পাশে নদীয়াড়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ। যদিও তার আগেই ট্রেলার ফেলে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় চালক। অন্যদিকে প্রায় ঘণ্টা অবরোধও করে স্থানীয় বাসিন্দারা। ক্ষতিপূরণের দাবিও ওঠে। ব্যাপক উত্তেজনা ছাড়ায় এলাকায়।
অন্যদিকে বাঁকুড়ার তালডাংরায় রাজ্য সড়কে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল রাইপুরের এক যুবকের। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের তালডাংরা থানার চাঁইপুর যাত্রী প্রতীক্ষালয়ের সামনে। মৃত যুবকের নাম সৌম্যদীপ কুন্ডু (২৯)। তিনি পেশায় বেসরকারি ব্যাঙ্কের কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। এই বাঁকুড়াতেই আবার এদিন পথ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই একটি বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন। বাস চালকের বেপরোয়া মনোভাবের জেরেই এই দুর্ঘটনা দাবি বাস যাত্রীদের। স্থানীয় সূত্রে খবর, এদিন জয়পুর থানার জয়পুর জঙ্গল সংলগ্ন ২ নম্বর রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল বাসটি। সেই সময় একই দিকে যাচ্ছিল একটি লরি। অভিযোগ যাত্রী বোঝাই বাসের চালক অত্যাধিক দ্রুতগতিতে গিয়ে ওই লরির পেছনে সজোরে ধাক্কা মারে।