‘মমতা ও তার দলের অত্যাচার CPM-এর সময়ের অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে’ - 24 Ghanta Bangla News
Home

‘মমতা ও তার দলের অত্যাচার CPM-এর সময়ের অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে’

Spread the love

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে মুচলেকা দেওয়ার নাম করে ডেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেস ও পুলিশের তীব্র সমালোচনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুবাবু লিখেছেন, ‘এতদিন তৃণমূলের নেতাদের চুরি, ডাকাতি, কাটমানি নিতে দেখেছেন। এখন তৃণমূলের নেতারা তাদের দলীয় কার্যালয়ে মহিলাদের ডেকে এনে ধর্ষণ করছে। নারায়ণগড় বিধানসভার তেঁতুলমুড়ি এলাকায় আজ সকাল ১০ টা নাগাদ মক্রামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ১নং অঞ্চলের সভাপতি তৃণমূল নেতা লক্ষ্মী শীট ও তৃণমূলের স্থানীয় নেতা শক্তি ভুইঞ্যাঁ ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সক্রিয় মহিলা মোর্চার এক সদস্যা-কে স্থানীয় তৃণমূল কার্যালয়ে ডেকে পাঠান। তিনি ‘বিজেপি করেন না’ এমন একটি মুচলেকা লেখার বাহানায় ডেকে নিয়ে এসে ধর্ষণ করেন। পরবর্তীতে ঐ মহিলা সেখানেই অচৈতন্য হয়ে পড়েন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মক্রামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে ওনাকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বর্তমানে ঐ প্রাক্তন বিজেপি নেত্রী মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।’

শুভেন্দুবাবু দাবি করেন, ‘শুধুমাত্র বিজেপি করার অপরাধে ঐ প্রাক্তন বিজেপি নেত্রী ও তার পরিবার দীর্ঘদিন ধরে শাসক দলের নেতা কর্মীদের অত্যাচারের শিকার হচ্ছিলেন। তাদের ব্যবসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।’

বিরোধী দলনেতার অভিযোগ, ‘২০২১ এর বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত বিজেপি করার অপরাধে রাজ্যের বহু কার্যকর্তা ঘরছাড়া হয়েছেন, খুন হয়েছেন, মাতৃশক্তিরা ধর্ষণের শিকার হয়েছেন। মমতা ব্যানার্জী ও তার দলের অত্যাচার সিপিএমের সময়ের অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন ও এখন পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে। আমরা প্রশাসনের কাছে দুই অভিযুক্ত নেতার গ্রেফতারি ও তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি, না হলে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব।’

বলে রাখি, এই ঘটনায় রবিবারই মেদিনীপুর মেডিক্যাল কলেজে অভিযোগকারিনীর শারীরিক পরীক্ষা হয়েছে। সোমবার তার রিপোর্ট আসতে পারে বলে খবর। রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের দল থেকে বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *