BSF: ওরা বোধহয় ভুলে গিয়েছিল সামনে দাঁড়িয়ে BSF! লড়তে এসেছিল কাটারি নিয়ে, এরপরই গুলি চালিয়ে বাংলাদেশিকে ‘জাবাব’ দিলেন জওয়ানরা – Bengali News | BSF Started Firing in india Bangladesh Border
দুধর্ষ আক্রমণ বিএসএফ-এরImage Credit source: Tv9 Bangla
বসিরহাট: বারবার সতর্ক করা হচ্ছে। কিন্তু কথা কানে ঢুকছে না বোধহয়! বাংলাদেশি অনুপ্রবেশকারী ও পাচারকারীদের ‘টার্গেট’ যেন এ দেশই। ফের এ দেশে নিষিদ্ধ বস্তু ঢোকাতে চেয়েছিল পাচারকারীরা। একাধিকবার বিএসএফ জওয়ানরা সতর্ক করেছিলেন। কিন্তু ওই যে কথা শোনেনি। তারপরই জওয়ানরা দিলেন যোগ্য জবাব। ছোড়া হল গুলি। কুপোকাত এক পাচারকারী।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার কালাঞ্চি সীমান্তে। সেখানেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জখম হল এক বাংলাদেশি পাচারকারী। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী এবং ফেনসিডিল পাচারকারী বাংলাদেশের ভূখণ্ডের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। বিএসএফের তরফে সতর্ক করা হলেও অনুপ্রবেশকারী এবং পাচারকারীরা সেই সতর্কবাণী শোনেনি। উল্টে আবার কাঁটাতার ধারাল অস্ত্র দিয়ে কেটে ফেলার চেষ্টা করে।
সেই সময় বিএসএফ জওয়ানদের তরফে স্টান গ্রেনেড ছোড়া হয়। কিন্তু তাতেও ভয় পায়নি অনুপ্রবেশকারীরা। এরপরই দা, ধারাল অস্ত্র এবং কাটারি নিয়ে এক জওয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। তখনই ওই জওয়ান আত্মরক্ষার স্বার্থে গুলি চালায়। যেগুলিতে একজন অনুপ্রবেশকারী গুরুতর জখম হয়েছে। তাকে ফেলে রেখেই অন্যান্য অনুপ্রবেশকারী এবং পাচারকারীরা বাংলাদেশের ভূখণ্ডের দিকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ওই পাচারকারী অথবা অনুপ্রবেশকারীকে জওয়ানরা এসে তুলে নিয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যে এই ঘটনায় এফআইআর করা হয়েছে। বহু ফেনসিডিল বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।
