IND vs NZ: ভারত অসাধারণ টিম, যে কোনও কিছু… CT ফাইনালের আগে যা বলছেন কেন উইলিয়ামসন – Bengali News | Kane Williamson says anything can happen ahead of Champions Trophy final against Team India
ভারত অসাধারণ টিম, যে কোনও কিছু… CT ফাইনালের আগে যা বলছেন কেন উইলিয়ামসনImage Credit source: PTI
দুবাই: রবিবার দুবাইতে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) মিনি বিশ্বকাপ ফাইনাল। দুই দলই টুর্নামেন্টে দারুণ ছন্দে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ফাইনাল যে জমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। রোহিত ব্রিগেডের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে কিউয়ি সুপারস্টার কেন উইলিয়ামসন (Kane Williamson) বলে দিচ্ছেন, “ভারত অসাধারণ দল। তবে ফাইনালে যে কোনও কিছু হতে পারে।” আর কী কী বললেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক?
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে এ বার ফাইনাল খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ট্রফি কিউয়ি শিবিরে আনতে চান কেন। তার আগে তিনি বললেন, “ভারত একটা অসাধারণ দল। ওরা দারুণ খেলছেও। তাই শেষ ম্যাচ থেকে শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটা ফাইনাল ম্যাচ। আর সেখানে যে কোনও কিছু হতে পারে। শেষ ম্যাচের পরিবেশ ভালো ছিল। আশা করছি ফাইনালটাও জমে যাবে।”
মিনি বিশ্বকাপের ফাইনালের টিকিট পাওয়ায় কিউয়ি শিবিরে সেলিব্রেশন তো হচ্ছে। কিন্তু ফাইনালকে মাথায় রেখে। সে কথাই শুনিয়েছেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক। তিনি বলেন, “আমরা সেলিব্রেশন তো করছি। কিন্ত একইসঙ্গে পরবর্তী ম্যাচের জন্য ফোকাসও করতে হবে। ওই ম্যাচটা খেলা আমাদের কাছে দারুণ একটা সুযোগ।”
এই খবরটিও পড়ুন
পাশাপাশি কিউয়ি তরুণ তুর্কি রাচিন রবীন্দ্রকে প্রশংসায় ভরিয়েছেন কেন উইলিয়ামসন। ওডিআইতে রাচিন ৫টি সেঞ্চুরি করেছেন। আর ৫টিই আইসিসি ইভেন্টে। তার মধ্যে ২টি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। রাচিনকে নিয়ে কেন বলেন, “রাচিন সত্যিকারই অসাধারণ এবং অবিশ্বাস্য প্রতিভা। ওর সঙ্গে ব্যাটিং করতে সব সময় ভালো লাগে। ও মাঠে নামলে সব সময় দলকে প্রথমে রাখে। স্বাধীন ভাবে খেলে।”
সেমিফাইনালের পর লাহোর থেকে দুবাইতে পৌঁছে গিয়েছেন কেন উইলিয়ামসনরা। আগামিকাল কিউয়িদের অপশনাল ট্রেনিং রয়েছে। আর অন্যদিকে রোহিত ব্রিগেড দু’দিনের ছুটি কাটিয়ে আগামিকাল থেকে ফাইনালের প্রস্তুতি শুরু করছে।