Bratya Basu: হাইকোর্টের ‘গুঁতোয়’ হল কাজ? ব্রাত্য-ওমপ্রকাশদের বিরুদ্ধে মারধর-শ্লীলতাহানির ধারায় FIR পুলিশের – Bengali News | JU: Police filed an FIR against education minister Bratya Basu and om prakash misra
ওম প্রকাশ ও ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআরImage Credit source: Tv9 Bangla
কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। খুনের চেষ্টা,মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু পুলিশের।
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে তার প্রক্ষিতে প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের তরফে ইমেল মারফত একটি অভিযোগ দায়ের করা হয় থানায়। তবে অভিযোগ, পুলিশ এর প্রেক্ষিতে কোনও মামলা রুজু করেনি। এরপর বুধবার একটি মামলা দায়ের হয় হাইকোর্টে। সেখানে ছাত্রদের হয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “সাত জনের FIR-এ মিথ্যে দাবি করা হয়েছে। ছাত্রদের কোনও এফআইআর নেওয়াই হয়নি। কিন্তু,যাঁরা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের FIR নেওয়া হয়েছে।” এরপরই কেন এফআইআর নেওয়া হয়নি তা রাজ্যের কাছে জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পরবর্তীতে তিনি স্পষ্ট নির্দেশ দেন, আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ FIR হিসাবে নিতে হবে।
পুলিশ সূত্রে খবর, এরপর বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর গাড়ির চালক, ওমপ্রকাশ মিশ্র সহ আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ধারাতে এফআইআর রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তাঁদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
