ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই কি ‘অস্তাচলে’ ভারতের তিন তারকা? – Bengali News | Did Rohit Sharma, Virat Kohli and Ravindra Jadeja going to announcement ODIs retirement after ICC Champions Trophy 2025 final
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই কি ‘অস্তাচলে’ ভারতের তিন তারকা?Image Credit source: PTI
কলকাতা: রবিবার দুবাইতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) চ্যাম্পিয়ন হওয়ার শেষ লড়াই। প্রথম ফাইনালিস্ট রোহিত শর্মার ভারত। আর দ্বিতীয় ফাইনালিস্ট মিলবে, দ্বিতীয় সেমিফাইনাল হলে। (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি) যা হচ্ছে (নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ) লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। যদি তৃতীয় বার ভারতীয় শিবিরে আসে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব, তা হলে ৯ মার্চ ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে একটা স্মরণীয় দিন হয়ে উঠতে পারে। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ভারতের। অজিদের কাছে হার স্বীকার করেছিল মেন ইন ব্লু। এ বার মিনি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকেই হারিয়ে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভারতকেই অনেকে এগিয়ে রাখছেন। তারই মাঝে চলছে আর একটি বিষয় নিয়ে আলোচনা। তা হলে ৯ মার্চ ভারতের জার্সিতে তিন তারকা ক্রিকেটারের শেষ ম্যাচ হতে পারে। কোন কোন ক্রিকেটার রয়েছেন সেই তালিকায়?
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই কি অস্তাচলে ভারতের তিন তারকার ওডিআই কেরিয়ার?
গত বছর টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জেতার পর অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানান। তাঁদের ঠিক কয়েকটা দিন পরই রবীন্দ্র জাডেজাও ঘোষণা করেন যে, তিনি আর দেশের জার্সিতে টি-২০ ফর্ম্যাটে খেলবেন না। কুড়ি-বিশের বিশ্বকাপ শেষ হতে না হতেই তিন ভারতীয় তারকা সেই ফর্ম্যাটে অবসরের পথে হেঁটেছিলেন। এ বার আলোচনা হচ্ছে ফের এই তিন ক্রিকেটারকে নিয়েই। ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হোক বা না হোক রোহিত-বিরাট-জাডেজারা ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন।
এই খবরটিও পড়ুন
যদিও টিম ইন্ডিয়ার এই তিন তারকা নিজমুখে এমন কথা বলেননি। তারপরও তাঁদের নিয়ে হচ্ছে আলোচনা। যার অন্যতম কারণ দুটি বলা হচ্ছে। এক, ভারতীয় টিমে তরুণদের সময় এবং সুযোগ দেওয়ার সময় এসেছে। দ্বিতীয়, ফর্ম নিয়ে কোনও ক্রিকেটারের সঙ্গে কোনও রকম আপোস নয়।
সম্প্রতি এই তিন ক্রিকেটারের পারফরম্যান্স খুব নজরকাড়া হয়নি। যদি বিরাট কোহলির শেষ ৫ টি-১০ ম্যাচ দেখা হয় তা হলে নজরে পড়বে যে, সেখানে রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। যার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে শতরানও রয়েছে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ব্যক্তিগত দিক থেকে খারাপ জায়গায় রয়েছেন। তাঁর শেষ ৫ ওডিআই ইনিংস দেখলে নজরে পড়বে, সেখানে নেই কোনও হাফসেঞ্চুরিও। আর অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার শেষ ৫ ওডিআই ম্যাচের পারফরম্যান্স দেখলে নজরে পড়বে সেখানে সেই অর্থে ফর্মে নেই জাডেজা। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির চার ম্যাচে তিনি নিয়েছেন ৪টি উইকেট। আর ব্যাট হাতে নিউজিল্যান্ড ম্যাচে ১৬ রান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২* রান করেন জাডেজা।
বার্বাডোজের সেই সুখ-স্মৃতির (২০২৪ সালে ভারত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল) মাঝেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভারাক্রান্ত করেছিলেন বিরাট-রোহিত। এ বার দুবাইতেও তাঁরা একই সিদ্ধান্ত ঘোষণা করেন কিনা, তা জানতে মরিয়া ভারতীয় ক্রিকেট সমর্থকরা।