Ram Mandir Terror Plan: পাকিস্তান থেকে মগজ ধোলাই, রাম মন্দিরে বারবার যাচ্ছিল এই ছেলেটা! এবার পৌঁছলেই ধ্বংস হয়ে যেত সব – Bengali News | Ram Mandir Terror Plan: Pakistan ISI Trained Him, 19 Year old Man Planned to Blast Ayodhya Ram Mandir Arrested by Gujarat ATS
রাম মন্দির উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এই যুবক।Image Credit source: X
আহমেদাবাদ: বড়সড় নাশকতার ছক, পরিকল্পনা ছিল অযোধ্যার রাম মন্দির উড়িয়ে দেওয়ার। হ্য়ান্ড গ্রেনেড দিয়েই উড়িয়ে দেওয়া হত রাম মন্দির। তবে পরিকল্পনা সফল করার আগেই সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করল গুজরাট অ্য়ান্টি-টেররিজম স্কোয়াড।
সূত্রের খবর, বছর উনিশের এক যুবক উত্তর প্রদেশের রাম মন্দিরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র সঙ্গে যোগাযোগও ছিল তাঁর। পাকিস্তানি গুপ্তচর সংস্থা তাঁকে প্রশিক্ষণ দিচ্ছিল রাম মন্দির উড়িয়ে দেওয়ার।
গুজরাটের অ্যন্টি টেররিজম স্কোয়াড কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবককে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল রহমান। তাঁর বাড়ি উত্তর প্রদেশেই। প্রাথমিক সূত্রে খবর, অভিযুক্ত ইতিমধ্যেই বেশ কয়েকবার রাম মন্দিরের রেইকি করে এসেছিল। হ্যান্ড গ্রেনেড দিয়ে রাম মন্দির উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। রবিবার পুলিশ হরিয়ানার ফরিদাবাদ থেকে যখন তাঁকে গ্রেফতার করে, তাঁর কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
পুলিশ রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত উত্তর প্রদেশের ফৈজাবাদ থেকে ট্রেনে চেপে হরিয়ানার ফরিদাবাদে গিয়েছিল। সেখানে একজন হ্যান্ডলারের কাছ থেকে দুটি গ্রেনেড নেয়। ট্রেনে করেই ফিরে রাম মন্দিরে হামলা চালানোর পরিকল্পনা ছিল।
গুজরাট এটিএস তাঁকে হেফাজতে নিয়েছে। জেরার জন্য তাঁকে গুজরাট নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, ধর্মকে হাতিয়ার করে মগজ ধোলাই করা হত যুবকদের। আইএসআই-র নির্দেশেই কাজ করত যুবকরা। ধৃত ছাড়াও একটি বড় গ্রুপ নাশকতামূলক কাজে সক্রিয় রয়েছে বলে খবর।
