BSNL: তলে তলে বাড়াল শক্তি! ১৭ বছর পর ঘুরে দাঁড়াল BSNL, বড় শঙ্কা Jio-এর? – Bengali News | BSNL Turns Profitable After 17 year, Jyotiraditya Scindia Says turning point
নয়াদিল্লি: দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার অন্দরে এখন খুশির আমেজ। সম্প্রতি, নিজেদের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট পেশ করেছে টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। আর তারপরেই এই রাষ্ট্রায়ত্ত সংস্থার অন্দরে ছড়িয়ে আনন্দস্রোত। লেগেছে উৎসবে আমেজ। যা নিয়ে মুখ খুলেছেন খোদ কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রী জ্যোতিরাদিত্য় সিন্ধিয়াও।
কী এমন প্রকাশ্যে এসেছে সেই রিপোর্টে?
১৭ বছর পর লাভের মুখ দেখেছে বিএসএনএল। তাদের সদ্য প্রকাশিত তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টে দেখা গিয়েছে, গত তিন মাসে মোট ২৬২ কোটি টাকা লাভ করেছে তারা। সাম্প্রতিককালে যে হারে গ্রাহক বেড়েছে বিএসএনএল-এর তা নাকি আগে কখনও দেখা যায়নি, বলেই দাবি কর্তৃপক্ষের।
উল্লেখ্য, দেশজুড়ে টেলিকম সেক্টরে বেসরকারি সংস্থার তৈরি হওয়া দাপটেই ২০০৭ সাল থেকে ধুঁকছিল বিএসএনএল। হারিয়ে গিয়েছিল গৌরব। কিন্তু সম্প্রতি নিজেদের ৪জি পরিষেবায় জোর দিয়েছে তারা। এছাড়াও, বেসরকারি টেলিকম সংস্থাগুলো হুড়মুড়িয়ে রিচার্জের দাম বাড়াতেই, ফের বিএসএনএল-এর দিকে ঝোঁক বাড়িয়েছে একটা বড় অংশের মানুষ। বিএসএনএল-এর এই গৌরবময় রিপোর্টকে ‘ঘুরে দাঁড়ানোর সময়’ বলে আখ্যান দিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী।
কীভাবে বাড়ল আয়?
ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, ‘ফাইবার টু হোম’ ও ‘লিজড লাইন’ পরিষেবায় ১৪ থেকে ১৮ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। এছাড়াও বেড়েছে উপভোক্তার সংখ্য়া। গত ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে বিএসএনএল উপভোক্তার সংখ্যা ছিল ৮.৪ কোটি। যা আপাতত বেড়ে গিয়ে দাঁড়িয়ে ৯ কোটিতে। মূলত, ‘ন্যাশনাল ওয়াইফাই’, ‘বিটিভি’, ‘আইএফটিভি’-র মতো একাধিক পরিষেবা চালু করার মাধ্যমেই বেড়ে উপভোক্তার সংখ্যা। যা দিন শেষে বাড়িয়েছে আয়ও।
