IPL 2025, KKR: ইডেনে কেকেআরের ম্যাচ ঘিরে জটিলতা, পন্থ-রাহানে মুখোমুখি হবেন তো? – Bengali News | IPL 2025 KKR vs LSG Match At Eden Gardens on 6th April in Jeopardy due to security concern
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণের সূচি প্রকাশিত হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বারের টুর্নামেন্ট। দিল্লি ক্যাপিটালস ছাড়া প্রতিটা টিমই ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছে। এ দিন কলকাতা নাইট রাইডার্সও ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে। এরই মাঝে কেকেআরের ম্যাচ ঘিরে জটিলতা। মরসুম শুরুর আগেই অস্বস্তি।
টুর্নামেন্ট শুরু হচ্ছে ২২ মার্চ। ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে ঋষভ পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। যদিও ৬ এপ্রিল ইডেনে আইপিএলের ম্যাচ ঘিরে আচমকাই অনিশ্চয়তা। রামনবমীর কারণে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ। সিএবিকে চিঠি দিয়ে জানাল কলকাতা পুলিশ। ৬ তারিখ ইডেনে কেকেআর-লখনউ সুপার জায়ান্টস ম্যাচ করা নিয়ে চাপ বাড়ল।
এ দিন কলকাতা নাইট রাইডার্স নতুন মরসুমের জার্সিও প্রকাশ করেছে। সব মিলিয়ে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এ বার জার্সিতে তাই থাকছে তিনটি তারা। ক্যাপ্টেন হিসেবে অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকেই বেছে নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। অজিঙ্ক রাহানে ৩ নম্বর জার্সি পরে খেলবেন। ক্যাপ্টেনের নাম ঘোষণায় তাই অভিনবত্ব কেকেআরের। আজ ৩ তারিখ। মাসের নিরিখেও তৃতীয়। ঠিক তিনটে তেত্রিশ মিনিটে রাহানের নাম ঘোষণা হয়।