RG Kar: তিলোত্তমার ঘটনায় মোড় ঘোরাচ্ছে CBI, সল্টলেকে ডাক পড়ল ১১ জন পুলিশ আধিকারিকের – Bengali News | CBI Summon 11 kolkata police personel in RG Kar case
কলকাতা: আরজি করের ঘটনায় ফের তৎপর সিবিআই। টালা থানা ও আরজি করের আউট পোস্টে কর্তব্যরত এগারো জন পুলিশ কর্মীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সোম ও মঙ্গলবার এই সকল পুলিশ কর্মীদের ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে।
আরজি কর-কাণ্ডে ইতিমধ্য়েই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সঞ্জয় রাইয়ের। তবে তদন্তের অগ্রগতির জন্য এবার আরও এগারো জন কলকাতা পুলিশের কর্মীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। মূলত ঘটনার দিন (৯ অগস্ট, ২০২৪) আরজি কর হাসপাতালের আউট পোস্টে যে সমস্ত পুলিশকর্মী কর্তব্যরত ছিলেন তাঁদেরই ডেকে পাঠানো হয়েছে। ঘটনার দিন কে কোথায় ডিউটি করছিলেন, তাঁরা কে কে কোথায় কোথায় ছিলেন, কাকে কোন পরিস্থিতিতে দেখেছেন ইত্যাদি সব কিছু খুঁটিনাটি বিষয়ে জানতে চেয়েছেন আধিকারিকরা।
প্রসঙ্গত, সম্প্রতি দিল্লি গিয়েছিলেন তিলোত্তমার মা-বাবা। দিল্লিতে সিবিআই-এর হেড অফিসে যান তাঁরা। দেখা করেন সিবিআই-এর ডিরেক্টরের সঙ্গে। প্রথম থেকেই তিলোত্তমার মা-বাবা অভিযোগ করেছিলেন তদন্ত স্লথ গতিতে চলছে। সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জানাচ্ছে না। তদন্তের অগ্রগতি কতদূর তা জানাচ্ছে না তারা। কোনও রকম যোগাযোগ রাখা হচ্ছে না নির্যাতিতার পরিবারের সঙ্গ। তিলোত্তমার বাবাকে দিল্লি থেকে এও বলতে শোনা যায়, “আমরা সিবিআই তদন্তে খুশি নই, সেটা বলার জন্যই এতদূর এসেছিলাম। ওনারা বললেন, আমরা তদন্ত করছি, ধৈর্য ধরুন। আরও কিছুদিন দেখি তারপর দিল্লিতে বা অন্য কোথাও ধরনা করার কথা ভাবব। আমরা এর শেষ দেখে ছাড়ব।”
