WPL 2025, RCB vs GG: এলিস পেরির দুর্লভ ডাক, হোম গ্রাউন্ডে হারের হ্যাটট্রিক স্মৃতির আরসিবির! – Bengali News | Women’s Premier League: Royal Challengers Bengaluru vs Gujarat Giants Women WPL 2025 RCB vs GG Match Report
হঠাৎ কী হল! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যেন এটাই প্রশ্ন। উইমেন্স প্রিমিয়ার লিগে শুরুটা দুর্দান্ত হয়েছিল স্মৃতি মান্ধানাদের। টুর্নামেন্ট এ বার হচ্ছে চারটি ভেনুতে। শুরুটা হয়েছিল বরোদায়। প্রথম দু-ম্যাচেই জিতেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। এরপরই টুর্নামেন্ট পাড়ি দেয় বেঙ্গালুরুতে। আরসিবির হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা। ঘরের মাঠের সমর্থন। কিন্তু রেজাল্ট হতাশার। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক স্মৃতিদের। এ দিন গুজরাট জায়ান্টসের কাছে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হার আরসিবির।
চিন্নাস্বামীতে প্রথমে ব্যাট করে আরসিবি। উইমেন্স ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডার এলিস পেরি। এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ছন্দে ছিলেন। ৫৭, ৭, ৮১ এবং একটি ৯০ রানের অপরাজিত ইনিংস। এ দিন রানের খাতাই খুলতে পারেননি। উইমেন্স প্রিমিয়ার লিগ কেরিয়ারে প্রথম বার শূন্য এলিস পেরির। ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করলেও খেই হারিয়েছেন। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে এ দিন উল্লেখযোগ্য স্কোর বলতে কনিকা আহুজার ২৮ বলে ৩৩ রান।
গুজরাট জায়ান্টসের দিয়েন্দ্র ডটিন, তনুজা কনওয়ার দুটি করে উইকেট নেন। প্রিয়া মিশ্রা ছাড়া সকলের ইকোনমিই দুর্দান্ত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১২৭ রান করে আরসিবি। এই রানের পুঁজি নিয়ে শুরুর দিকে রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি করেছিল আরসিবি। কিন্তু ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনার ৩১ বলে ৫৮ রান করে হিসেব বদলে দেন। ফিবি লিচফিল্ড ২১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ২১ বল হাতে রেখেই জয় গুজরাট জায়ান্টসের। এ মরসুমের দ্বিতীয় জয় জায়ান্টসের।