Railway: কোনও ফেলিওর ছাড়া কীভাবে ৪৫ দিনে ১৭০০০ ট্রেন চালানো হল, সত্যিটা ফাঁস করলেন রেলমন্ত্রী – Bengali News | Rail minister explains how rail ran 17000 trains during mahakumbh without any failure
নয়া দিল্লি: সদ্য শেষ হল ৪৫ দিন ধরে চলা মহাকুম্ভ। প্রয়াগরাজে বিশাল আয়োজন করা হয়েছিল পুণ্যার্থীদের জন্য। সারা দেশের কোটি কোটি মানুষ সেখানে গিয়ে সঙ্গমে ডুব দিয়েছেন। সড়কপথে, রেলপথে মানুষ কীভাবে পৌঁছেছেন, সেই ছবি সবাই দেখেছেন। তবে রেলের দাবি, এই ৪৫ দিনে মহাকুম্ভের জন্য যেসব ট্রেন চালানো হয়েছে, তার কোনওটিতেই কোনো ত্রুটি ধরা পড়েনি।
বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মহাকুম্ভ চলাকালীন সাড়ে ৪ থেকে ৫ কোটি মানুষ রেলপথে প্রয়াগরাজে গিয়েছেন। ওই ৪৫ দিনে রেল মোট ১৭০০০ ট্রেন চালিয়েছে। আর সেই বিরাট কর্মকাণ্ডের জন্য নেওয়া হয়েছে দীর্ঘদিনের প্রস্তুতি। রেলের ইতিহাসে এটাই সবথেকে বড় উদ্যোগ বলে জানিয়েছেন রেলমন্ত্রী। কীভাবে এটা সফল করা সম্ভব হল, সে কথাই জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী সদ্য প্রয়াগরাজে গিয়ে সব বিভাগের মধ্যে সঠিক সংযোগ স্থাপনের জন্য প্রশংসা করেছেন। তিনি জানান, ১৩০০০ ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। পরে ১৬০০০ ট্রেন চালানো হয়। পুণ্যার্থীদের যাতে যাতায়াতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করার ব্যবস্থা হয়।
রেলমন্ত্রী জানিয়েছেন, তিন বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। ফলে লোকোমোটিভ, ট্র্যাক বা ওভারহেড- কোনও ক্ষেত্রে ত্রুটি ছাড়াই ট্রেন চালানো সম্ভব হয়েছে। ৫০০০ কোটি টাকা বিনিয়োগও করা হয়েছে রেলে। আর এই ট্রেন চালানোর জন্য ৯টি বড় স্টেশনের ৪৮টি প্লাটফর্ম, ২১টি ফুট-ওভারব্রিজের উন্নয়ন করা হয়েছে। এছাড়া নতুন করে ১১৮৬টি সিসিটিভি লাগানো হয়েছে, বাড়ানো হয়েছে টিকিট কাউন্টার। ড্রোনও ওড়ানো হয়েছে ভিড় নিয়ন্ত্রণে।