Jadavpur University: ফের যাদবপুরে উড়ল লাল আবির! ৫১-৭ ব্যবধানে বড় জয় বামেদের - Bengali News | Left wins again in the jadavpur university cooperative credit society - 24 Ghanta Bangla News
Home

Jadavpur University: ফের যাদবপুরে উড়ল লাল আবির! ৫১-৭ ব্যবধানে বড় জয় বামেদের – Bengali News | Left wins again in the jadavpur university cooperative credit society

ফের যাদবপুরে বামেদের বড় জয় Image Credit source: TV 9 Bangla

যাদবপুর: ফের লাল আবির উড়ল যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে ফের জয় বামেদের। ৪৪ আসনে হারল শাসক দল সমর্থিত প্রার্থীরা। ৫১-৭ ব্যবধানে জয়ী বামেরা। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মচারিরাই এই সোসাইটি চালান। দীর্ঘদিন থেকে ভোট হওয়ার কথা থাকলেও এই ভোট হয়নি। যা নিয়ে চাপানউতোর ছিলই। শেষ ভোট হয়েছিল ২০১৬ সালে। তারপর কেটেছে দীর্ঘ ৮ বছরেরও বেশি সময়। 

যদিও আগের ভোটেও যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে জিতেছিল বামেরাই। এবারও সেই জয়ের ধারা বজায় থাকায় স্বভাবতই খুশি বাম সমর্থিত প্রার্থী থেকে কর্মীরা। এবারের ভোটে শাসকদল সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়ে ছিলেন মঙ্গল ঘট প্রতীকে। অন্যদিকে বাম সমর্থিত প্রার্থীদের চিহ্ন ছিল করমর্দন (হ্যান্ডশেখ)। 

এদিন ফল সামনে আসতেই লাল আবির নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। ক্যাম্পাসের মধ্যে মিছিলও করেন। বাম সমর্থিত সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে পার্থপ্রতিম রায় বলেন, “দীর্ঘদিন ধরে ভোট আটকে কোঅপারেটিভের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু, বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক-কর্মচারি ও আধিকারিকরা বুঝিয়ে দিলেন তাঁরা তাঁদের সংরক্ষিত অর্থ সুরক্ষিত হাতেই রাখতে চান। আগের ভোটেও বামেরাই আধিপত্যের সঙ্গে জিতেছিল।”  

প্রসঙ্গত, রাত পোহালেই আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসছে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। আসছেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১১টা থেকে ওপেন এয়ার থিয়েটারে সভার আয়োজন করা হয়েছে। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিগত কয়েক বছরে বারবারই আন্দোলন করেছেন যাদবপুরের পড়ুয়ারা। সূত্রের খবর, শনিবার শিক্ষামন্ত্রী এলে তাঁর সামনেও বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে বাম ছাত্র সংগঠনগুলি। তার আগে কোঅপারেটিভ ভোটে বামেদের জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *