Fake Voters: ‘ভূতুড়ে ভোটার’ ধরতে ‘কড়া’ মমতা! বড় বৈঠকে তৃণমূল, ঠিক হল কোন কোন স্ট্র্যাটেজি? – Bengali News | Trinamool Congress held a meeting to catch fake voters, some strategies were decided
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit source: TV9 বাংলা
কলকাতা: ভূতুড়ে ভোটার নিয়ে চাপানউতোর চলছেই। একাধিক জেলা থেকে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। নেতাজি ইন্ডোর থেকে বিজেপিকে কাঠগড়ায় তুলে সুর চড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় ‘ভূত’ ধরতে যে শুক্রবার থেকেই অ্যাকশনে নামবে সে কথাও আগেই জানা গিয়েছিল। তৈরি হয়েছে বিশেষ কমিটি। অবশেষে অভিযান শুরু করে দিল তৃণমূল। হয়ে গেল বৈঠক।
সূত্রের খবর, শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলায় বৈঠক করল ঘাসফুল শিবির। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভোটারদের উত্তর ২৪ পরগনায় নিয়ে আসার অভিযোগ করেন মমতা। সতর্ক করা হয়েছিল দলের সমস্ত স্তরের নেতাদের। এরপরেই শুক্রবার বৈঠকে বসলেন জেলার তৃণমূল নেতারা। এদিন বারাসত সাংগঠনিক জেলা নিয়েই মিটিং হয়।
সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে দলীয় এজেন্টরা শহরাঞ্চলে মানুষের বাড়ি বাড়ি যাবেন। পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে পঞ্চায়েত সদস্যরা যাবেন মানুষের বাড়িতে। ঠিকানা, এপিক কার্ড ধরে ডেটাবেস তৈরি করা হবে। তারপরে BDO কে জমা দেওয়া হবে দলের তরফে। এদিনের বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার, রথীন ঘোষ, তাপস চ্যাটার্জি-সহ, ব্লক ও টাউন সভাপতিরাও ছিলেন বলে জানা যাচ্ছে। সাত দিন অন্তর অন্তর রিপোর্ট নেবেন বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার। শনিবার একইভাবেই বৈঠক হবে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায়। সেখানে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় নাকি নতুন কোনও বিষয়ে আলোকপাত করা হয় সেটাই দেখার।