Waqf Bill: চাইলেই সম্পত্তি অধিগ্রহণ করা যাবে না! মন্ত্রিসভাও দিল সম্মতি, ওয়াকফ আইনে কী কী পরিবর্তন হবে? – Bengali News | Union Cabinet Clears Waqf Bill amid Controversy, What Will Change if Bill Approved
নয়া দিল্লি: বদলে যাবে ওয়াকফ আইন। আরও এক ধাপ পার করল ওয়াকফ বিল। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ওয়াকফ বিলে প্রস্তাবিত পরিবর্তনগুলিতে সম্মতি জানাল। সূত্রের খবর, যুগ্ম সংসদীয় কমিটি ওয়াকফ আইনে ২৩টি পরিবর্তন বা সংশোধন আনার প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ১৪টি প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।
বাজেট অধিবেশনের প্রথম পর্বেই লোকসভায় পেশ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ১০ মার্চ থেকে। সেই সময়ই সংশোধিত বিল সংসদে পেশ করা হতে পারে বলে সূত্রের খবর।
ওয়াকফ আইনে প্রয়োজনীয় পরিবর্তন করতেই যুগ্ম সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। ছয় মাস ধরে প্রায় ৩৬ বার বৈঠকের পর গত ১৩ ফেব্রুয়ারি যুগ্ম সংসদীয় কমিটি রিপোর্ট পেশ করে, যেখানে ২৩টি পরিবর্তনের সুপারিশ করা হয়েছিল। বিরোধীরা পক্ষপাতিত্বের অভিযোগ এনে দাবি করে, তাদের সুপারিশগুলি খারিজ করে দিয়েছে জেপিসি। ২৩টি সংশোধনী প্রস্তাবের মধ্যে ভোটাভুটির পর ১৪টি গ্রহণ করা হয়েছে।
কী কী পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে?
জেপিসি ওয়াকফ আইনে যে সংশোধনগুলির প্রস্তাব করেছে, তার মধ্যে অন্যতম হল রাজ্য ও জাতীয় স্তরের ওয়াকফ কাউন্সিলে কমপক্ষে ২ জন সদস্য থাকবেন, যারা মুসলিম নন। কাউন্সিলে মহিলা সদস্যও যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও একটি বড় সংশোধন হল, ওয়াকফ বোর্ড চাইলেই কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করতে পারবে না। আধিকারিক গিয়ে জমি পর্যালোচনা করার পরই স্থির করা হবে ওই সম্পত্তি ওয়াকফে হবে কি না।
তৃতীয় সংশোধনী প্রস্তাবনায় বলা হয়েছে, যেকোনও মুসলিম ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন না। ন্যূনতম ৫ বছর তাদের ধর্মাচরণ করতে হবে।
