Ranji Trophy Final: করুণের সেঞ্চুরি মিস, ‘তরুণের’ অনবদ্য ইনিংসে অ্যাডভান্টেজ বিদর্ভ – Bengali News | Ranji Trophy 2024 25 Final Vidarbha vs Kerala Match Day 1 Report
রঞ্জি ট্রফি ফাইনাল শুরু হয়েছে। প্রথম বার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে কেরল। তাদের সামনে প্রাক্তন চ্যাম্পিয়ন বিদর্ভ। ফাইনালের প্রথম দিন অ্যাডভান্টেজ বিদর্ভই। সঙ্গে রইল আক্ষেপও। ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন করুণ নায়ার। কিন্তু তাল কাটল ভুল বোঝাবুঝিতে। সেঞ্চুরির খুব কাছ থেকে রান আউট হয়ে ফেরেন করুণ নায়ার। করুণের সেঞ্চুরি মিস হলেও তিন অঙ্কে পৌঁছলেন বিদর্ভের তরুণ ব্যাটার দানিশ মালেবর। প্রথম দিন ৪ উইকেট হারিয়ে বিদর্ভ তুলে নিয়েছে ২৫৪ রান।
ফাইনালের মতো মঞ্চে প্রথমে ব্যাট করে নেওয়াই কি শ্রেয়? বলা যায়। প্রথম বার ফাইনালে জায়গা করে নিয়েছে কেরল। ক্যাপ্টেন সচিন বেবি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। নাগপুরে খেলা। শুরুতে অবশ্য ঘরের মাঠের সুবিধা নিতে ব্যর্থ বিদর্ভ। রেখাড়ে ও নালকান্ডে ০ ও ১ রানে ফেরেন। গ্রুপ পর্বে ভালো খেলা ধ্রুব শোরেও করেন মাত্র ১৬ রান। সে সময় কেরলের সিদ্ধান্ত সঠিকই মনে হচ্ছিল। বেলা গড়াতেই পরিস্থিতি বদলে দিলেন বিদর্ভের তরুণ ব্যাটার দানিশ ও অভিজ্ঞ করুণ নায়ার।
ফাইনালের প্রথম দিন খেলা হয়েছে ৮৬ ওভার। দানিশ ও করুণ নায়ারের জুটি যে ভাবে এগোচ্ছিল, মনে হয়েছিল ৩ উইকেটেই দিন শেষ করবে বিদর্ভ। যদিও দিনের খেলার শেষ মুহূর্তে রান আউট করুণ নায়ার। ১৮৮ বলে ৮৬ রান করেন তিনি। ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মেরেছেন। অন্য দিকে, সেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন দানিশ। ২৫৯ বলে ১৩৮ রানে অপরাজিত তিনি। ক্রিজে দানিশের সঙ্গে রয়েছেন ছন্দে থাকা যশ ঠাকুর। ফলে এখান থেকে প্রথম ইনিংসে ৪০০-র কাছাকাছি স্কোর কঠিন নয়।