Weather Update Today: ফেব্রুয়ারিতেই কুপকাত! চরম অস্বস্তি বাড়িয়ে দুই জেলায় এখনই জারি তাপপ্রবাহের সতর্কতা – Bengali News | IMD Issues Two Day Heatwave in Mumbai and Thane Districts
মুম্বই: সবে ফেব্রুয়ারি। গরম এখনও জোরকদমে ময়দানে নামেনি। তার আগেই পারদ যেন চড়চড়িয়ে চড়ছে। বসন্তকালেই অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। বাসে-ট্রেনে ধাক্কায় সেই অস্বস্তি আবার আরও তিন গুণ হয়ে যাচ্ছে বলেও দাবি বেশ কয়েক জনের।
গত বছর রেকর্ড গরম দেখেছে ভারত। বিশেষ করে কলকাতা। গতবার গরমের সমস্ত রেকর্ড ভেঙেছে এই শহর। রাজ্যে এখনও বৃষ্টির আবহ থাকলেও, গরম যে বাড়ছে না এমনটা নয়। রাতে স্বস্তি, সকালে চরম অস্বস্তি। এই যেন রুটিন হয়ে গিয়েছে আবহাওয়ার।
উল্লেখ্য, কলকাতার এই চরম অস্বস্তির মাঝে বিপাকে পড়েছে আরব সাগরের তীরের শহর। বাণিজ্য নগরীতে এখন থেকেই বাজতে শুরু করছে বিপদ নির্ঘণ্ট। আজ ও আগামিকাল মুম্বই, থানে-সহ একাধিক এলাকায় তাপপ্রবাহ বইতে পারে সাবধান করেছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকালেই তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৩২ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি। এখনও বাকি গোটা দিন। বেলা গড়াতেই তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে বলেই পূর্বাভাস।
একই অবস্থা ভারতের প্রযুক্তি হাব বেঙ্গালুরু। একদিক যানজট, তার মধ্য়ে বাড়ন্ত দূষণ। যে বেঙ্গালুরু এককালে নিজের নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য মানুষের কাছে জনপ্রিয় ছিল, সেই বেঙ্গালুরুতে এখন যেন টেকা দায় হয়ে পড়েছে। ইতিমধ্যে সেই শহরেও জারি হয়ে তাপপ্রবাহের সতর্কতা। এমনকি, গত দুই দশকে এখনও পর্যন্ত সবচেয়ে গরম ফেব্রুয়ারির সঙ্গে মোকাবিলা করছে বেঙ্গালুরু, জানাচ্ছে আবহাওয়া দফতর।
