Wedding ceremony: প্যান্ডেলের বাঁশ বেয়ে উঠেই সব ফিনিশ! ছেলের বিয়ে দিতে গিয়ে এই কাণ্ড ঘটবে ভাবতেই পারেননি গোপাল – Bengali News | Multiple houses in North 24 Parganas and Dum Dum were robbed, police are looking for the thief after reviewing CCTV footage
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
স্বরূপনগর: ছেলে বিয়ে বলে কথা! গোটা বাড়িতে উৎসবের মেজাজ। দিনভর তুমুল ব্যস্ততা। দম ফেলারও সময় নেই। দিনভর অতিথি সামলে রাতে যেই না একটু নিশ্চিন্ত হতে যাবেন তখনই ঘটে গেল ঘটনাটা। বৌভাতের আগেই মাথায় হাত গোপাল পালের। বাড়ি তাঁর স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গাবতলা এলাকায়। শুক্রবার তাঁর ছেলের বিয়ে ছিল।
সূত্রের খবর, দিনভর বিয়ের কাজ সামলে রাত থেকে বৌভাতের প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। কেউ কেউ আবার ক্লান্তিতে ঘুমিয়েও পড়েছিলেন কিন্তু, কে জানত তখনই চুপিসারে সিঁধ কাটবে চোর। অভিযোগ, রাতে যখন সবাই একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন তখন প্যান্ডেলের বাঁশ বেয়ে উপরে উঠে আসে চোরের দল। দোতলার একটি ঘরেও ঢুকে পড়ে। সেখান থেকে চারটি মোবাইল ও বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয়।
তবে একা যে গোপালবাবুর মাথায় হাত পড়েছে এমনটা নয়। পাশেই থাকেন দুলাল পাল। তাঁর বাড়িতেও হানা দিয়েছিল চোরেরা। সোনার গয়না, বেশ কিছু নগদ টাকা ও লক্ষাধিক টাকার সরঞ্জাম নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুই চুরির ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অন্যদিকে দমদমেও আবার পরপর একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শোরগোল দক্ষিণ দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে। বেশ কিছু জিনসপত্র চুরি করে পালানোর সময় বাইরে থেকে দরজা বন্ধ করে চম্পট দেয় চোরেরা। তাঁদের ধরতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ।