Trinamool Congress: রদবদলের চর্চার মাঝেই অন্য সুর তৃণমূলে, ‘পরীক্ষা-নিরীক্ষা’ চাইছেন না কিছু বিধায়ক? – Bengali News | Speculation is growing about a reshuffle in Trinamool Congress before the 2026 elections, new news is coming
কলকাতা: তৃণমূলে রদবদলের চর্চার মাঝেই অন্য সুর। বহু বিধায়কই ব্লক সভাপতি পরিবর্তন করছেন না। সূত্রের খবর, অনেকেই এই কারণে জমা দেননি ব্লক সভাপতি পরিবর্তনের তালিকা। অনেকে পুরোনো নাম জমা দিয়ে পাশে লিখছেন পরিবর্তনের প্রয়োজন নেই। মালদহ, মুর্শিদাবাদ, নদিয়ায় অবশ্য অনেকে ব্লক নেতৃত্ব পরিবর্তনের তালিকা দিয়েছেন।
সূত্রের খবর, শাখা সংগঠনে পরিবর্তন ঘটালেও দলের ব্লক কমিটিতে পরিবর্তন করতে নারাজ অনেকেই। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বৈঠকে বলেছিলেন প্রয়োজন মনে হলে তিনটি করে নাম দিতে। কিন্তু, অনেকেই ২০২৬ সালের আগে স্থানীয় সংগঠনে বদল আনতে চাইছেন না। তাঁদের বক্তব্য নতুন ব্লক সভাপতি এলে কাজ বুঝতে সময় লাগবে। অনেকের মত, পুরোনো পদ হারানোরা ব্লক সভাপতি নির্বাচনে অসহযোগিতা করতে পারে। তাই অনেকেই পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নন ।
অনেক বিধায়ক আবার বলছেন, ফলাফল অতীতে ভাল হয়েছে যেখানে সেখানে নতুন পরীক্ষা নিরীক্ষা করে লাভ কী? তবে রাজ্য তৃণমূল সূত্র বলছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে শীর্ষ নেতৃত্বও। কোনও কোন বিধায়ক যদি ‘কাছের লোক’ ভেবে পরিবর্তন করতে না চান তাহলে রাজ্য মনে করলে পরিবর্তন হতে পারে। সবার রিপোর্ট কার্ড রয়েছে রাজ্যের হাতে। খবর এমনটাই। কিছুদিন আগেই শোনা গিয়েছিল সরস্বতী পুজোর পরেই তৃণমূল রদবদল হবে। তা নিয়ে জল্পনা দিনে দিনে তীব্র হয়েছে। বছর ঘুরলেই আবার বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বাংলার শাসকদল। তাই রদবদল হলেও সে ক্ষেত্রে ‘সাবধানী’ পদক্ষেপই নেবেন দলের শীর্ষনেতার, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের।