Salary Hike: এই বছরে কত টাকা বেতন বাড়ছে আপনার? আগাম জেনে নিন ‘গোপন তথ্য’ – Bengali News | India Average Increament Projected 9.4 Percent in 2025 Report Says
কলকাতা: চলতি বছরে বাজেটের আগেই সরকারি কর্মীদের বেতন বাড়াতে অষ্টম বেতন কমিশন আনার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে আপাতত খুশির আমেজ সরকারি কর্মীদের মধ্যে। কিন্তু যারা বেসরকারি সংস্থায় কাজ করে, তাদের কী হতে চলেছে?
সামনেই মার্চ মাস। আপাতত সেই দিকেই তাকিয়ে বেসরকারি সংস্থার কর্মীরা। সরকারি কর্মীদের বেতন যখন হুরমুড়িয়ে বাড়ছে, সেই পরিস্থিতিতে বেতনের নিরিখে বেশ ধুঁকছে একাংশে বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরা। তবে নতুন বছরে তাদের ভাগ্যের চাকা কিছুটা ঘুরতে পারে বলেই দাবি করছে এইচ আর কনসালটেন্সিং ফার্ম মার্সার।
বৃহস্পতিবার, ভারতের বেতন বৃদ্ধি নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে এই সংস্থা। তাদের অনুমান, চলতি বছরে সম্ভবত ৯.৪ শতাংশ হারে বাড়তে পারে বেতন। সেই রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে এই বৃদ্ধির হার এখনও পর্যন্ত সর্বোচ্চ। ২০২০ সাল অর্থাৎ করোনাকালেও প্রায় ৮ শতাংশ হারে বেতন বেড়েছিল কর্মীদের। ২০২৪ সালেও ভারতে গড় স্যালারি ইনক্রিমেন্ট ছিল ৯.৩ শতাংশ।
কোন সেক্টরে দেখা যাবে বেশি গ্রোথ?
একটি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল সেক্টরে সবচেয়ে বেশি বাড়তে পারে বেতন। নন ব্যাঙ্কিং ফিনান্স ও ই-কমার্স সেক্টরে মোটের উপরে ভালই বাড়বে বেতনের পরিমাণ। টেকনোলজি সেক্টরে ৭.৭ শতাংশ বেতন বাড়তে পারে বলেও অনুমান বিশেষজ্ঞদের।
