সঙ্গে মহিলা, গাড়িতে গুলিবিদ্ধ ওসি, পাশে পড়ে সার্ভিস রিভলভার - 24 Ghanta Bangla News
Home

সঙ্গে মহিলা, গাড়িতে গুলিবিদ্ধ ওসি, পাশে পড়ে সার্ভিস রিভলভার

Spread the love

রাজ্যে ফের খবরের শিরোনামে এক ওসি। এবার গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল। বুধবার রাতে হাওড়ার ব্যাঁটরায় একটি পেট্রল পাম্পের সামনে গাড়ির ভিতরে গুলিবিদ্ধ হন তিনি। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ ব্যাঁটরা থানা এলাকার ঘোষপাড়া পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল একটি নীল রংয়ের ব্যক্তিগত নম্বর প্লেটের গাড়ি। তার ভিতর থেকেই গুলির শব্দ আসে। জানা যায় গাড়িটি চণ্ডীতলার ওসি জয়ন্ত পালের। গুলি যখন চলে তখন গাড়ির ভিতরে একজন মহিলা ছিলেন বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্যাঁটরা ও শিবপুর থানার পুলিশ। আহত জয়ন্তবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তারা। আটক করা হয় মহিলাকে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল। যা দেখে পুলিশ আধিকারিকরা নিশ্চিত গুলি চলেছে জয়ন্তবাবুর সার্ভিস রিভলভার থেকে। রাতে ঘটনাস্থলে হাজির হন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। গাড়িটি বাজেয়াপ্ত করেন তাঁরা। মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জয়ন্তবাবুকেও।

পুলিশ সূত্রে খবর, মহিলার সঙ্গে কোনও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে জয়ন্তবাবুর। সম্পর্কে টানাপোড়েনের জেরে সম্ভবত নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেই গুলি চালিয়েছেন জয়ন্তবাবু। তবে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন আধিকারিকরা।

এই নিয়ে পর পর ২ দিন ২ ওসিকে নিয়ে অস্বস্তিতে পড়ল রাজ্য পুলিশ। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের লালগোলায় স্থানীয় থানার ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের মারধরের অভিযোগ ওঠে বীরভূম ক্রাইম রেকর্ডস ব্যুরোর ওসি আসরাফউলের বিরুদ্ধে। তাঁকে সাসপেন্ড করে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে গ্রেফতার হয়েছেন আসরাফউলের স্ত্রীসহ পরিবারের ৫ সদস্য।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *