Calcutta High Court: ‘অনেক স্কুলে তো ঘোড়া বা উটের দৌড় শেখানো হচ্ছে…’, বেসরকারি স্কুল নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের – Bengali News | Calcutta high court ‘Many schools are teaching horse or camel racing…’, High Court’s big observation on private schools
বিচারপতি বিশ্বজিৎ বসুImage Credit source: TV9 Bangla
কলকাতা: ‘কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না?’, রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত, গত কয়েক মাসে হাইকোর্টে রাজ্যের একাধিক বেসরকারি স্কুলের অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি নিয়ে একাধিক অভিযোগ আসতে থাকে। তারই ভিত্তিতে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই নিয়ে তাঁর পর্যবেক্ষণ জানান। তিনি বলেন, এই রাজ্যে অনেক বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে অনেক আবেদন জমা পড়েছে। অনেক ক্ষেত্রে ‘চার্জ’ নামে যে ফি বৃদ্ধি হচ্ছে, সেটা অন্যায্য। এটার ওপর কি নিয়ন্ত্রণ থাকবে না?
বিচারপতি বিশ্বজিৎ বসু এজিকে ডেকে পাঠান। তাঁর উদ্দেশে বলেন, “এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যের কিছু করার দরকার।” বিচারপতির পর্যবেক্ষণ, “কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না! সেখানকার পুরো মেকানিজম দেখা উচিত।”
বিচারপতির মন্তব্য, “সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না। রাজ্য সরকার অন্যান্য বিলের মত সিদ্ধান্ত নিতে পারে।” আদালতের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, “কেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছেন না? বিলের মধ্যে দিয়ে রাজ্য নিয়ন্ত্রণ করতে পারে!”
রাজ্যের উদ্দেশে বিচারপতি বলেন, “অভিযোগ না এলেও কেন NCTE গাইডলাইন অনুযায়ী শিক্ষকদের শিক্ষা দেখা হবে না?” বিচারপতি বসু বলেন, ” রাজ্যের থেকে এটাই শুনতে পাই, আমরা টাকা দেইনি তাদের তাই তাদের ওপর নিয়ন্ত্রণ নেই। কিন্তু রাজ্য চোখ বন্ধ করে রাখতে পারে না।”
এজি তখন বলেন, “মন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যের অবস্থান জানানো হবে আগামী শুক্রবার।” এই মামলায় বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “অনেক স্কুলে তো ঘোড়া বা উটের দৌড় শেখানো হলেও, একটা বেসিক ফি রাখা করা উচিত। অনেক স্কুলে এটা বাড়তি আয়ের জায়গা।”
