WTTF: ‘সোলো ট্রিপ’ করতে চান? কিন্তু নিরাপত্তার কারণে ছাড়তে নারাজ বাবা-মা! অর্চনার টিপসেই ঘুরবে জীবন – Bengali News | Travel Blogger Archana Singh Gives Tips on How To Be Safe in A Solo Trip
অনুষ্ঠানের ছবিImage Credit source: ফাইল চিত্র
নয়াদিল্লি: ২০২৪-এর একটি সমীক্ষা বলছে, ভ্রমণপ্রেমী ভারতীয়দের মধ্যে ৮৪ শতাংশ পর্যটক একাকী ভ্রমণ বা ‘সোলো ট্রিপে’ যেতে বেশি আগ্রহী। কিন্তু, খাতায় কলমে পরিমাণ এত বেশি হলেও, বাস্তবের মাটিতে দেখতে গেলে, বহু মানুষই ‘সোলো ট্রিপের’ পরিকল্পনা করে তা বাতিল করে দেন।
কিন্তু কেন এমন ঘটে? ভ্রমণ বিশেষজ্ঞরা বলছেন, মূলত ভয়ের কারণেই একাকী ভ্রমণ থেকে পিছু হটে যান অনেকেই। তবে আগে এই ‘সোলো ট্রিপ’ অলিগ স্বপ্ন হলেও সময়ের সঙ্গে অনেকটা এসেছে হাতের মুঠোয়। এখনকার ‘সোলো ট্রিপ’ করা মোটেই কঠিন নয়। কিছু নিরাপত্তার বিষয় মাথায় রাখলেই এই হয়ে যায় একেবারে জল-ভাত। এমনকি, চিরাচরিত ভাবধারা ভেঙে বিগত কয়েক বছরে মেয়েদের মধ্যে বেড়েছে ‘সোলো ট্রিপে’ যাওয়ার প্রবণতা। আর এই কথাটা স্বীকার করছেন খোদ ট্রাভেল ব্লগার অর্চনা সিংহও।
টিভি৯ নেটওয়ার্কের উদ্যোগে নয়াদিল্লির বুকে আয়োজন হয়েছে ‘দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’। তিনদিন ধরে চলছে এই উৎসব। আজ অবশেষে শেষ দিনে পাড়ি দিয়েছে এই অনুষ্ঠান। আর সেখানেই নিজের ভ্রমণ অভিজ্ঞতার কথা তুলে ধরতে যোগ দিয়েছেন অর্চনা।
সাদামাটা কর্পোরেট কর্মী থেকে তিনি হয়ে উঠেছেন ট্রাভেল ব্লগার। মোটা টাকার চাকরি ছেড়ে বেরিয়ে পড়েছেন ‘সুখপাখি’র খোঁজে। বুঝেছেন জীবনের সত্যিটা লুকিয়ে প্রকৃতির মাঝেই। ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত বিশ্বের মোট ১০৭টি দেশে ঘুরে ফেলেছেন তিনি। এসেছেন টিভি৯ নেটওয়ার্কের প্রোগ্রামেও।
অনুষ্ঠানে যোগদান করে দিয়েছেন ‘সোলো ট্রিপে’ দিয়ে নিরাপদে থাকা টিপসও। তাঁর কথায়, ‘সবার প্রথমেই থাকতে হবে একটি নিরাপদ স্থানে। যেখানে প্রতি মুহূর্তে থাকবে নেটওয়ার্ক। বিপদে-আপদে যেন নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি।’ তিনি আরও বলেন, ‘কোন জায়গা নিরাপদ, আর কোন জায়গা নিরাপদ নয়, এখনকার দিনে বোঝা খুবই সহজ। যেকোনও জায়গায় যাওয়ার আগেই অনলাইনে সেই জায়গার খুঁটিনাটি জেনে নিতে হবে পর্যটককে।’
