North Dinajpur: ২ সপ্তাহ ধরে গ্রামে বন্ধ জল পরিষেবা, প্রতিবাদে রাস্তায় বাসিন্দারা – Bengali News | North dinajpur Water service shut down in village for 2 weeks, residents on streets in protest
উত্তর দিনাজপুর: প্রায় দু সপ্তাহ ধরে পানীয় জল বন্ধের প্রতিবাদে হাতে বালতি, গামলা নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ইটাহারের কাপাশিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামের বাসিন্দাদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রবিবার। পরবর্তীতে জনপ্রতিনিধিদের আশ্বাস ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
অবিলম্বে বন্ধ থাকা বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা সচল করার দাবিতে বালতি, গামলা নিয়ে চাঁচল ইটাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল শতাধিক মহিলা পুরুষ। দীর্ঘ কয়েক ঘণ্টা অবরোধ চলে ইটাহারের মানাইনগর এলাকায়। অবরোধের জেরে রাজ্য সড়কে আটকে পড়ে বহু সরকারি ও বেসরকারি বাস, ছোট গাড়ি, টোটো সহ অন্যান্য যানবহন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার বিশাল পুলিস বাহিনী।
বিক্ষোভকারী বাসিন্দাদের অভিযোগ, প্রায় দিন পনেরি ধরে এলাকার পঞ্চায়েতের তরফে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা বন্ধ আছে। প্রশাসনকে সমস্যার কথা বারংবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। আর সামনেই রমজান মাস। তাই তীব্র পানীয় জলের কষ্টে দিশেহারা অবস্থায় কাপাশিয়া গ্রাম পঞ্চায়েতের মানাইনগর গ্রাম সহ একাধিক গ্রামের মানুষ। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর দিনাজপুর জেলা পরিষদের স্থানীয় সদস্য সায়েস্তা আলম। এদিন তিনি অবরোধকারী বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি আগামীতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়েও আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে। এরপর অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দারা।
