Bratya Basu: তৃণমূলের অধ্যাপক সংগঠন করলেই কি সরকারি কমিটিতে জায়গা? অকপট ব্রাত্য – Bengali News | ‘It is partial truth that a professor included in government committee if he is associated with TMC’, says Bratya Basu
কলকাতা: তৃণমূলের অধ্যাপক সংগঠন করলেই সরকারি কমিটিতে জায়গা পাওয়া যায়। বারবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার সেই অভিযোগ ‘অংশত সত্যি’ বলে মেনে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর মধ্যে ‘অন্যায়’ দেখছেন না তিনি। একইসঙ্গে তাঁর যুক্তি, যথার্থ শিক্ষাবিদরাও বিভিন্ন কমিটিতে স্থান পান।
রবিবার তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভায় গিয়েছিলেন ব্রাত্য বসু। আর সেই সভার শেষে বিরোধীদের অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য, এটা অংশত সত্য। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এটা সরকারের সঙ্গে থাকা সংগঠন। আমি এর সভাপতি। আমি সরাসরি রাজনৈতিক লোক। আমার এখানে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যদি কমিটি হয়, তাহলে আমি চাইব আমার সংগঠনের লোকই থাক। তৃণমূল করেন বলে কেউ তো অপাংক্তেয় হতে পারেন না।”
কেন তিনি অংশত বলেছেন, তার কারণও তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, “বাইরের সংগঠনের থেকেও যথার্থ যিনি শিক্ষাবিদ, তাঁকে নেওয়া হচ্ছে। আমরা কি নিচ্ছি না? প্রচুর শিক্ষাবিদ দেখাতে পারি, এমনকি উপাচার্যও এসেছেন বাইরে থেকে।”
