‘ওষুধ খেতেন…’, ভারতীকে গর্ভেই মেরে ফেলতে চেয়েছিলেন তাঁর মা, কিন্তু কেন… – Bengali News | Bharti singh mother did not want to have her but why
ভারতী সিং, দর্শকদের হাসান যিনি সেই ভারতীর প্রথম জীবন কিন্তু খুব একটা সুখের ছিল না। দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। এবার নিজের জন্ম নিয়েই বিস্ফোরক ভারতী। সম্প্রতি এক পডকাস্টে এসে এমন কিছু ঘটনার কথা জানিয়েছেন যা শুনলে অবাক হতেই হয়। জানেন কি ভারতীর জন্ম হোক সেটাই চান নি তাঁর মা! অভাবের সংসার, ভারতীর আগে দুই সন্তানও ছিল তাঁর মায়ের। তাই ভারতী যখন তাঁর মায়ের গর্ভে তখন লাগাতার একটি ফল খেতেন তাঁর মা। খেতেন গর্ভনিরোধক ওষুধও।
ভারতীর কথায়, “আমায় চাননি মা। এর আগে দুই সন্তান ছিল তাঁর। তাই আর একটা হোক কিছুতেই চাননি। ওষুধ খেতেন। খেতেন খেজুরও কিন্তু এই দুনিয়াতে হয়তো আমার আসার কথা আগে থেকেই নির্ধারিত হয়েইছিল। তাই কিছুই আমাকে আর আটকাতে পারেনি।” অনেকেই মনে করেন গর্ভবতী নারীর ক্ষেত্রে খেজুর নাকি ক্ষতিকর। যদিও এর বিজ্ঞানসম্মত কোনও প্রমাণ মেলেনি।
ভারতী আরও যোগ করেন, “আমার মা নিজে নিজেই আমার জন্ম দিয়েছে। কেউ পাশে ছিল না। ৬০ টাকা দিয়ে দাই মাকে ডেকেছিল। কর্ড কাটার জন্য। আর এক পয়সাও খরচ করতে হয়নি আমার জন্মের জন্য।” ভারতী জানিয়েছেন এতটা অবস্থা খারাপ ছিল তাঁদের যে, লোকের বাড়ি কাজ করে তাঁদের বড় করেছিলেন মা। কিন্তু ওই যে চিরদিন কাহারও সমান নাহি যায়। দীর্ঘ পরিশ্রমের পর আজ তিনি সফল। এক সন্তান ও স্বামী হর্ষ লিম্বাচিয়াকে নিয়ে এই মুহূর্তে তাঁর সুখের সংসার।